Site icon Hindustan News Point

Bangladesh T20 World Cup: T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটল ICC, সুযোগ পেল স্কটল্যান্ড

bangladesh t20 world cup

দীর্ঘ টালবাহানা, একের পর এক বৈঠক এবং আইসিসির দেওয়া চূড়ান্ত সময়সীমা—সব কিছুর পরেও নিজের অবস্থান থেকে একচুলও নড়ল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত সেই জেদেরই মূল্য দিতে হল টাইগারদের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তাদের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড—এমনটাই প্রকাশ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংস্থার রিপোর্টে।

সূত্রের খবর, শুক্রবার রাতের বৈঠকের পর আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি আনুষ্ঠানিক ই-মেইল পাঠিয়ে জানিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত। সেখানে স্পষ্ট বলা হয়েছে, ভারতে এসে বিশ্বকাপ খেলবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিসিবির তরফে কোনও লিখিত জবাব মেলেনি। সেই কারণেই আইসিসি একতরফা ভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এই প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে ঢাকায় হওয়া বিসিবির সাংবাদিক বৈঠক। আইসিসিকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানোর আগেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে ঘোষণা করেন, ভারতীয় মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলামও জানান, তাঁদের একমাত্র বিকল্প শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন। আইসিসির নিয়ম ভেঙে এই প্রকাশ্য ঘোষণাই নাকি কড়া পদক্ষেপের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের জায়গায় স্বাভাবিকভাবেই স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে খেলবে তারা। শীঘ্রই আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা যাচ্ছে।

বাংলাদেশ সরকারের অবস্থান অবশ্য এখনও অনড়। আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, আর্থিক ক্ষতির চেয়েও ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তা তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে এই সিদ্ধান্তের ফলে ২০ কোটি মানুষের বিশ্বকাপ স্বপ্ন কার্যত ভেঙে গেল। নিরাপত্তা বনাম বিশ্বকাপ—এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত হার মানল বাংলাদেশের ক্রিকেট।


Exit mobile version