Site icon Hindustan News Point

Santosh Trophy: সন্তোষ থেকে বিদায় বাংলার, টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ

Santosh Trophy

গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে থেকেও শেষরক্ষা হল না। টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে হেরে সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল গতবারের চ্যাম্পিয়ন বাংলাকে। মঙ্গলবার সার্ভিসেসের বিরুদ্ধে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৩–২ ব্যবধানে জিতে শেষ চারে পৌঁছে গেল সার্ভিসেস। ফলে বাংলার ৩৪তম খেতাব জয়ের স্বপ্ন ভেঙে গেল সন্তোষ ট্রফি-তে।

গ্রুপ পর্বে নাগাল্যান্ড, উত্তরাখণ্ড ও রাজস্থানের বিরুদ্ধে টানা তিন জয়ে নকআউট নিশ্চিত করেছিল সঞ্জয় সেনের দল। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্র—অপরাজিত থেকেই কোয়ার্টারে ওঠে বাংলা। তবে শেষ দু’টি ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার প্রভাব ফলাফলে পড়ে, যা নকআউটের আগে সতর্কবার্তা ছিল। সেই আশঙ্কাই বাস্তব হল কোয়ার্টার ফাইনালে।

সার্ভিসেস বরাবরই শক্ত গাঁট। শারীরিক ফুটবল ও জমাট রক্ষণ সাজিয়ে প্রতিপক্ষকে আটকে দেওয়াই তাদের মূল কৌশল। মঙ্গলবারও সেই রণনীতি কাজে লাগাল তারা। রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা ও সায়ন বন্দ্যোপাধ্যায় একাধিকবার সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেননি। শক্ত রক্ষণের বিরুদ্ধে হাফ-চান্স কাজে না লাগানোর খেসারত দিতে হয় বাংলাকে।

নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও ডেডলক ভাঙেনি। টাইব্রেকারে প্রথম দু’টি শট মিস করেন চাকু মাণ্ডি ও করণ রাই। যদিও গোলকিপার গৌরব সাউয়ের জোড়া সেভে আশার আলো জ্বলে ওঠে, তবু পঞ্চম শটে নরহরি শ্রেষ্ঠা গোল করতে ব্যর্থ হলে বিদায় নিশ্চিত হয়।

অন্য কোয়ার্টার ফাইনালে আয়োজক অসমকে হারিয়ে শেষ চারে উঠেছে গতবারের রানার্স কেরল। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাঞ্জাব ও রেলওয়েজও।

Exit mobile version