চলতি আইএসএলে East Bengal FC-র পারফরম্যান্স আশার আলো দেখিয়েছিল সমর্থকদের। অতীতের মতো পয়েন্ট টেবলের তলানিতে নয়, বরং লড়াইয়ে ফেরার লক্ষণ দেখা যাচ্ছিল লাল-হলুদ শিবিরে। শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে আত্মবিশ্বাসও কিছুটা ফিরেছিল। খেতাবের দৌড়েও নিজেদের ধরে রাখার আশা জেগেছিল সমর্থকদের মধ্যে। তবে নববর্ষের আগেই বড় ধাক্কা খেল দল—গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন তারকা মিডফিল্ডার নওরেম মহেশ সিং।
চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচেই চোট পান মহেশ। ম্যাচের ৫৭ মিনিটে তিনি মাঠে নামলেও মাত্র ১০ মিনিট পরেই হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। সেই সময় থেকেই তাঁর চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, আর এবার সেটাই বাস্তব রূপ পেল।
মোহনবাগান জিতলেও অখুশি কোচ লোবেরা, দলের অন্দরে সমস্যা?
ক্লাবের তরফে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, চেন্নাইয়িনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন নওরেম মহেশ সিং। বর্তমানে তিনি ক্লাবের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই মরশুমে আর মাঠে নামা সম্ভব হবে না তাঁর।
ওই ম্যাচের আগে কেভিন সিবিলে এবং মহম্মদ রশিদের দলে ফেরা ইস্টবেঙ্গল শিবিরে স্বস্তি ফিরিয়েছিল। কিন্তু মহেশের চোট সেই স্বস্তিকে মুহূর্তেই চাপা দিয়েছে। ক্লাব জানিয়েছে, এই কঠিন সময়ে মহেশের পাশে রয়েছে তারা এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে।
এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েছেন সমর্থকরা। কারণ, সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ—বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আগে দলের অন্যতম ভরসার মিডফিল্ডারকে হারানো নিঃসন্দেহে বড় ধাক্কা।

