ISL শুরু হতে আর বেশি দেরি নেই। সেই লক্ষ্যেই প্রস্তুতি জোরদার করেছে East Bengal FC। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে বৃহস্পতিবার ছিল ওপেন প্র্যাকটিস—সমর্থক ও সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল অনুশীলন। এতদিন লাল হলুদ ক্লোজড ডোর অনুশীলন করত বা অনুশীলন ওপেন করলেও সেটা ১৫ মিনিটের বেশি হতো না। তাই এই ওপেন সেশন ঘিরে ছিল উত্তেজনা। তবে অনুশীলনের মাঝেই তৈরি হয় কিছুটা উদ্বেগ।
সেশন শুরুর দিকেই হেড কোচ অস্কার ব্রুজোকে সাইডলাইনে দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর সঙ্গে। প্রায় ২০ মিনিট ধরে চলে এই কথোপকথন। যার পর সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সূত্রের খবর, বাংলা দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের আগের দিন কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন সল। বৃহস্পতিবার তাঁর এমআরআই হলেও গুরুতর কিছু ধরা পড়েনি। আগেও চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হওয়ায় এদিন ঝুঁকি নেননি তিনি।
অন্যদিকে দলের বেশিরভাগ ফুটবলার কোচিং স্টাফের তত্ত্বাবধানে ফিটনেস ও বল পায়ে অনুশীলন চালান। পাসিং, ড্রিবলিং থেকে শুরু করে দূরপাল্লার শটে নজর কাড়েন কেভিন সিবিলে। প্র্যাকটিস ম্যাচে গোল পান ডেভিড লালহানসাঙ্গা ও নন্দকুমাররা। সাইডলাইনে সীমিত অনুশীলনে দেখা যায় আনোয়ার আলি, দেবজিৎ মজুমদারদেরও।
অনুশীলন শেষে সমর্থকদের সঙ্গে সেলফি ও অটোগ্রাফে ব্যস্ত থাকেন কোচ ও ফুটবলাররা। সব মিলিয়ে সলকে ঘিরে সাময়িক উদ্বেগ থাকলেও, শুরু থেকেই তাঁর খেলার পথে বড় বাধা নেই বলেই ইঙ্গিত। দুই স্ট্রাইকার চলে যাওয়ার পর আক্রমণভাগ শক্ত করতে অন্তত একজন বিদেশি সই করানোর দিকেও নজর রয়েছে লাল-হলুদের। আইএসএল শুরুর আগে এই প্রস্তুতি ইস্টবেঙ্গল সমর্থকদের আশাবাদী করছেই।

