Site icon Hindustan News Point

East Bengal FC: দুই ম্যাচ খেলেই চোট সল ক্রেস্পোর? ভুয়ো খবর নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গল অধিনায়ক

East Bengal FC

ISL 2025-26 মরশুমের শুরুটা দারুণ ছন্দে করেছে East Bengal FC। টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে তুঙ্গে লাল-হলুদ শিবির। এবার লক্ষ্য জয়ের হ্যাটট্রিক। তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে দলের আত্মবিশ্বাসী মনোভাবই ধরা পড়ল কোচ অস্কার ব্রুজ়ো ও অধিনায়ক সল ক্রেস্পোর গলায় (East Bengal FC vs Jamshedpur FC)।

প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে সাম্প্রতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত ড্রেসিংরুমের অশান্তি সংক্রান্ত খবরকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দেন ক্রেস্পো। ইস্টবেঙ্গল অধিনায়ক স্পষ্ট জানান, দলের মধ্যে কোনও বিভাজন বা মনোমালিন্য নেই। তাঁর কথায়, “আমরা সবাই একসঙ্গে আছি। ড্রেসিংরুমে সম্পর্ক অত্যন্ত ভালো। এই ধরনের খবর দলের পরিবেশ নষ্ট করার চেষ্টা মাত্র।” কোচ ব্রুজ়োও অধিনায়কের বক্তব্যকে সমর্থন করে জানান, দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং ম্যাচের প্রস্তুতিতেই সকলের নজর।

সাংবাদিক বৈঠকে সল ও অস্কার

তবে ম্যাচের আগে সবচেয়ে বড় চিন্তা ক্রেস্পোর ফিটনেস। অনুশীলনের শেষ সেশনে তিনি পুরো সময় অংশ নেননি, ফলে প্রথম একাদশে তাঁর থাকা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কোচ জানিয়েছেন, ম্যাচের দিন মেডিক্যাল টিমের রিপোর্টের উপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে ঘাড়ের চোট কাটিয়ে মিগুয়েল ফিগেরাও স্ট্র্যাপ পরে অনুশীলনে ফিরেছেন, যা স্বস্তি দিয়েছে দলকে।

জামশেদপুর এফসির বিরুদ্ধে লড়াই সহজ হবে না বলেই মনে করছেন ব্রুজ়ো। প্রতিপক্ষ দলে রয়েছেন ইস্টবেঙ্গলের একাধিক প্রাক্তনী, যেমন মাদিহ তালাল ও মেসি বাউলি। অতীতে প্রাক্তন ফুটবলারদের কাছেই একাধিকবার ধাক্কা খেতে হয়েছে লাল-হলুদকে। তাই প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই মাঠে নামতে চাইছে দল।

পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে সমতা বজায় রয়েছে। তবে চলতি মরশুমে দুরন্ত ছন্দে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের আশা, এবার ইতিহাস গড়ে টানা তৃতীয় জয় তুলে নেবে ব্রুজ়োর দল।


Exit mobile version