Site icon Hindustan News Point

East Bengal Transfer News: ইস্টবেঙ্গলে হিরোশি-হামিদের বিকল্প কে? চর্চায় এই দুই নাম

East Bengal Transfer News

হিরোশি ইবুসুকি ও হামিদ আহাদাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই আক্রমণভাগে বড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে ইস্টবেঙ্গল। সামনে আইএসএল শুরু, অথচ হাতে গোনা কয়েকদিন বাকি থাকলেও এখনও পর্যন্ত নতুন স্ট্রাইকারের নাম ঘোষণা করতে পারেনি লাল-হলুদ শিবির (East Bengal Transfer News)। স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। তবে ক্লাব ম্যানেজমেন্ট সূত্রে খবর, পরিস্থিতি যতটা উদ্বেগজনক মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়।

সোশ্যাল মিডিয়ায় একাধিক নাম ঘোরাফেরা করলেও, ইস্টবেঙ্গল যে দু’জন নয়, একজন বিদেশি স্ট্রাইকারেই আস্থা রাখতে চলেছে, তা প্রায় নিশ্চিত। এক সময় ISL-এ খেলা দিয়েগো মোরিসিও ও পেরেরা দিয়াজের নাম আলোচনায় এলেও, শেষ পর্যন্ত সেই সম্ভাবনায় ইতি টেনেছে ক্লাব। সূত্রের দাবি, কোচ অস্কার ব্রুজো ইতিমধ্যেই কয়েকজন পরীক্ষিত স্ট্রাইকারের নাম ম্যানেজমেন্টের কাছে পাঠিয়েছেন। সেই তালিকা থেকেই একজনকে প্রায় চূড়ান্ত করা হয়েছে, যদিও কৌশলগত কারণেই আপাতত নাম প্রকাশ্যে আনতে চাইছেন না কর্তারা।

অনুশীলন ম্যাচে চোট, ISL-এর শুরু থেকে এই মিডফিল্ডারকে পাবে না ইস্টবেঙ্গল?

ইস্টবেঙ্গল শিবিরের বক্তব্য, ISL-এর পূর্ণ সূচি ঘোষণার পরেই নতুন বিদেশির নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১৪ ফেব্রুয়ারি লিগ শুরু হওয়ার আগে নতুন ফুটবলারের সঙ্গে দলের বোঝাপড়া তৈরি করা চ্যালেঞ্জের হলেও, কর্তাদের দাবি—ISL-এর অভিজ্ঞ কোনও স্ট্রাইকার এলে সেই সমস্যা অনেকটাই কমবে।

এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর মিলেছে স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো-কে ঘিরে। অনুশীলন ম্যাচের আগে কুঁচকিতে চোট পেলেও এমআরআই রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি। আগের চোটের ইতিহাস মাথায় রেখেই ঝুঁকি নেননি সল। যদিও দুই বিদেশি ছাড়ার ফলে হাতে মাত্র চার বিদেশি থাকায় অস্কার ব্রুজোর অস্বস্তি স্পষ্ট, তবু নতুন স্ট্রাইকার এলে আক্রমণভাগে ভারসাম্য ফিরবে বলেই আশাবাদী লাল-হলুদ শিবির।


Exit mobile version