Site icon Hindustan News Point

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদল, ১৯৮৬-র স্মৃতি ফেরাতে মেসিদের নয় কৌশল

FIFA WORLD CUP 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে বুধবার মুখোমুখি হতে চলেছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়ে গিয়েছে মানসিক লড়াই। প্রতিপক্ষের উপর বাড়তি চাপ তৈরি করতে এবার অভিনব কৌশল নিয়েছে আর্জেন্টিনা। তারা ফিফার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছিল, এই ম্যাচে যেন নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সির বদলে নেভি ব্লু বা গাঢ় নীল রঙের বিকল্প জার্সি পরে মাঠে নামতে পারে। শেষ পর্যন্ত সেই অনুমতিও দিয়েছে ফিফা। (FIFA WORLD CUP 2026)

অনেকেরই মনে হতে পারে, ইংল্যান্ডের সাদা জার্সির সঙ্গে রঙের পার্থক্য বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই তা নয়। আর্জেন্টিনার এই অনুরোধের পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। তাদের বিশ্বাস, ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের স্মৃতি আবার ফিরিয়ে আনতে পারলে তা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং একই সঙ্গে ইংল্যান্ডের উপরও মানসিক চাপ সৃষ্টি করবে।

১৯৮৬ সালের সেই ম্যাচটি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ হিসেবে আজও আলোচিত হয়ে। সেবার দিয়েগো মারাদোনার করা বিতর্কিত ‘হ্যান্ড অফ গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’-র সৌজন্যে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মারাদোনার দল গাঢ় নীল রঙের বিকল্প জার্সি পরেই খেলেছিল। এবারও ঠিক সেই রঙের জার্সি পরে মাঠে নেমে অতীতের সেই সাফল্যের স্মৃতিই ফিরিয়ে আনতে চাইছে মেসিরা।

বিশ্বকাপে ১৯৮৬ সালের পর আরও দু’বার মুখোমুখি হয়েছে এই দুই দল। ১৯৯৮ সালের বিশ্বকাপে নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। উল্লেখযোগ্য বিষয় হলো, সেই ম্যাচেও তারা গাঢ় নীল রঙের বিকল্প জার্সি পরেছিল। অন্যদিকে, ২০০২ সালের বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের করা একমাত্র পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে আর্জেন্টিনা খেলেছিল তাদের পরিচিত আকাশি-সাদা জার্সি পরে। এই পরিসংখ্যানও আর্জেন্টিনার জার্সি বেছে নেওয়ার সিদ্ধান্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। (FIFA WORLD CUP 2026)

আর্জেন্টিনার অনুরোধ মেনে ফিফা ইতিমধ্যেই সেমিফাইনালের দুই দলের জার্সি চূড়ান্ত করেছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, আটলান্টায় অনুষ্ঠিত হতে চলা এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড তাদের সাদা হোম জার্সি পরে খেলবে, আর আর্জেন্টিনা মাঠে নামবে নেভি ব্লু ও কালো রঙের বিকল্প জার্সিতে।

ফিফার মেগা চমক! ৬৪ দলের বিশ্বকাপে কি এবার খেলবে ভারত?

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে পাঁচটিতে তারা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরে মাঠে নেমে পাঁচটিতেই জয় পেয়েছে। অন্যদিকে, বিকল্প নেভি ব্লু জার্সি তারা মাত্র একবার ব্যবহার করেছে। ডালাসে জর্ডানের বিরুদ্ধে সেই ম্যাচে ৩-১ ব্যবধানে জিতেছিল লিওনেল মেসির দল। এবার সেই একই জার্সি পরে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির একটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে তারা।

এই ম্যাচ আরও একটি বিশেষ কারণে ঐতিহাসিক হতে চলেছে। কারণ, দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে এই প্রথমবার বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছেন লিওনেল মেসি। ফলে সেমিফাইনালের এই মহারণ শুধু দুই দলের লড়াই নয়, ইতিহাস, আবেগ এবং মানসিক চাপ বাড়ানোর কৌশলেরও সংঘর্ষ হতে চলেছে। এখন দেখার, ১৯৮৬ সালের স্মৃতি ফিরিয়ে আনার এই কৌশল শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে আদৌ কোনও বাড়তি সুবিধা এনে দিতে পারে কি না। (FIFA WORLD CUP 2026)


Exit mobile version