Site icon Hindustan News Point

দাপট সিটির-‘বুড়ো’ পানামা, বিশ্বকাপের অজানা সব তথ্য একসঙ্গে

World Cup 2026

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু গোল, ট্রফি আর তারকাদের লড়াই নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য পরিসংখ্যান, রেকর্ড আর বিস্ময়কর তথ্য। (World Cup 2026) ২০২৬ বিশ্বকাপের ৪৮টি দলই ইতিমধ্যে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এখন শুরু হয়েছে সংখ্যার খেলা। কোন ক্লাব থেকে সবচেয়ে বেশি ফুটবলার বিশ্বকাপে খেলবেন, কোন দল সবচেয়ে তরুণ, কোন দল সবচেয়ে বয়স্ক, কারা অভিষেকের অপেক্ষায়—সবকিছু নিয়েই চলছে বিশ্লেষণ।

এবারের (World Cup 2026) বিশ্বকাপে মোট খেলোয়াড়ের সংখ্যা ১,২৪৮ জন। এর মধ্যে ৮৯১ জন প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আরও বিস্ময়কর তথ্য হলো, ৯২৫ জন খেলোয়াড় বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। এদের মধ্যে ৩৪ জন গত বিশ্বকাপ দলে থাকলেও কখনও মাঠে নামার সুযোগ পাননি।

অন্যদিকে, বিশ্বকাপের অভিজ্ঞতা রয়েছে এমন খেলোয়াড়ের সংখ্যা ৩৫৭। অর্থাৎ এবারের আসরে নতুন মুখের আধিক্যই বেশি। বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন ৭১টি দেশের ৪৪৯টি ভিন্ন ক্লাবের ফুটবলার।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ—ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেশলিগা, সিরি আ ও লিগ ওয়ান—এখনও বিশ্ব ফুটবলের প্রধান শক্তিকেন্দ্র। (World Cup 2026) স্পেন দলে থাকা ২৬ জনের ২৬ জনই খেলেন এই পাঁচ লিগে। ইংল্যান্ড ও জার্মানির ২৬ সদস্যের দলে ২৫ জন করে খেলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে। ফ্রান্সের ২৪ জন এবং সুইৎজারল্যান্ডের ২৩ জন খেলেন এই এলিট প্রতিযোগিতাগুলোতে।

আর্জেন্তিনা দলের ২০ জন খেলোয়াড়ও ইউরোপের সেরা পাঁচ লিগে খেলেন। ইংল্যান্ডের একমাত্র ব্যতিক্রম ইভান টনি, যিনি সৌদি প্রো লিগের আল আহলিতে খেলেন। জার্মানির লেরয় সানে খেলেন তুরস্কের গালাতাসারাইয়েতে। ফ্রান্স দলে ইউরোপের বাইরে খেলেন থিও হার্নান্দেজ (আল হিলাল) ও এনগোলো কন্তে (ফেনেরবাচে)।

ক্লাবভিত্তিক হিসাবেও সবচেয়ে বড় আধিপত্য ম্যানচেস্টার সিটির। শুধু প্রিমিয়ার লিগ নয়, গোটা বিশ্বকাপেই সবচেয়ে বেশি ১৯ জন ফুটবলার এসেছে সিটি থেকে। দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখ (১৮)। এরপর রয়েছে আর্সেনাল (১৬), পিএসজি (১৫) এবং বার্সেলোনা (১৪)।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটির পর সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে আর্সেনাল থেকে (১৬)। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড (১৩), ক্রিস্টাল প্যালেস (১২), সাডারল্যান্ড (১১), লিভারপুল (১১) ও চেলসি (১১)।

৩০০ কেজি মাছ নিয়ে বিশ্বকাপে হাল্যান্ডরা, নরওয়ের অদ্ভুত প্রস্তুতি ঘিরে চর্চা

দেশীয় লিগ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় নেওয়া হয়েছে ইংল্যান্ডে। আর জাতীয় দলে নিজেদের ঘরোয়া লিগে খেলা সর্বোচ্চ ২৫ জন করে খেলোয়াড় রয়েছে কাতার ও সৌদি আরবের স্কোয়াডে।

বয়সের হিসাবেও রয়েছে চমকপ্রদ তথ্য। গড় হিসেবে সবচেয়ে বেশি বয়সী দল পানামা। তাদের স্কোয়াডের গড় বয়স ৩০ বছর ১৫৫ দিন। এরপর রয়েছে ইরান (৩০ বছর ১২১ দিন) এবং কলম্বিয়া (৩০ বছর ৩২ দিন)। এছাড়া কেপ ভের্দে, কাতার, ব্রাজিল, স্কটল্যান্ড ও কঙ্গোও সবচেয়ে অভিজ্ঞ দলগুলোর তালিকায় রয়েছে।

অন্যদিকে সবচেয়ে তরুণ দল আইভরি কোস্ট। তাদের স্কোয়াডের গড় বয়স মাত্র ২৫ বছর ৩১০ দিন। এরপর রয়েছে ইকুয়েডর (২৬ বছর ২৮ দিন), মরক্কো (২৬ বছর ১৪৪ দিন), বসনিয়া (২৬ বছর ১৫৪ দিন), তিউনিসিয়া (২৬ বছর ২৩৫ দিন), স্পেন (২৬ বছর ২৭৩ দিন), নরওয়ে (২৬ বছর ২৯৩ দিন) এবং দক্ষিণ আফ্রিকা (২৬ বছর ২৯৫ দিন)।

(World Cup 2026) ব্যক্তিগত বয়সের রেকর্ডেও নজর কাড়ছেন কয়েকজন কিংবদন্তি। এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেগ গর্ডন। টুর্নামেন্ট শুরুর দিন তাঁর বয়স হবে ৪৩ বছর ১৬২ দিন। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনাল্দো (৪১ বছর ১২৬ দিন)। এরপর রয়েছেন মেক্সিকোর গিলেরমো ওচোয়া (৪০ বছর ৩৩৩ দিন), ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ (৪০ বছর ২৭৫ দিন) এবং বসনিয়া ও হার্জেগোভিনার এডিন জেকো (৪০ বছর ৮৬ দিন)।

সবচেয়ে কম বয়সি ফুটবলার মেক্সিকোর গিলবার্তো মোরা। বিশ্বকাপ শুরুর দিন তাঁর বয়স হবে মাত্র ১৭ বছর ২৪০ দিন। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রিয়ার হুগো সোখুরেক, যার বয়স হবে ১৮ বছর ৪ দিন।

এবারের (World Cup 2026) বিশ্বকাপে আরও একটি ঐতিহাসিক অধ্যায়ের অপেক্ষা। আর্জেন্তিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনাল্দো এবং মেক্সিকোর গুইলেরমো ওচোয়া রেকর্ড গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।

আরেকটি উল্লেখযোগ্য তথ্য হলো, কেপ ভের্দে, কঙ্গো, আইভরি কোস্ট, কুরাসাও ও উরুগুয়ের দলে নিজেদের ঘরোয়া লিগে খেলা একজন ফুটবলারও নেই। অর্থাৎ স্কোয়াডের সব প্লেয়ার বিদেশের ক্লাবে খেলেন।

সংখ্যার বিচারে ২০২৬ বিশ্বকাপ শুধু সবচেয়ে বড় নয়, সবচেয়ে বৈচিত্র্যময় আসরও হতে যাচ্ছে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল, ক্লাব ফুটবলের আধিপত্য এবং নতুন মুখের ভিড়ে বিশ্বকাপের মঞ্চ এবার তৈরি এক নতুন ইতিহাসের জন্য।

বড় ধাক্কা ভারতের, হ্যামস্ট্রিং চোটে আফগানিস্তান সিরিজে নেই বিরাট কোহলি


Exit mobile version