মাসের পর মাস ধরে চলা অনিশ্চয়তা ও উদ্বেগের অবসান ঘটতে চলেছে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে আগামী সপ্তাহেই বড় ঘোষণা হতে চলেছে। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে ভারতীয় সম্প্রচার সংস্থাগুলি। সূত্রের খবর, ভারতীয় দর্শকদের জন্য কোন সংস্থা টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ দেখাবে, সেই সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সম্প্রচার স্বত্বের ঘোষণা করা হতে পারে। (Fifa World Cup 2026)
শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি পোস্টে সাজি প্রভাকরণ লিখেছেন, “বড় খবর ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য! অপেক্ষার অবসান হল। আলোচনা সম্পূর্ণ হয়েছে। ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচার সঙ্গীর আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে আসছে।” তিনি আরও যোগ করেন, “মাসের পর মাস অনিশ্চয়তার পর সমর্থকরা এবার নিশ্চিন্ত হতে পারেন। বিশ্বকাপ ভারতে পুরোপুরি দেখা যাবে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য প্রস্তুত হোন!” (Fifa World Cup 2026)
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে যা অতীতের তুলনায় অনেক বড় পরিসর তৈরি করবে। ফলে ম্যাচ সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। আন্তর্জাতিক ফুটবল মহলের মতে, এই পরিবর্তনের ফলে বিশ্বকাপ আরও দীর্ঘ এবং প্রতিযোগিতামূলক হতে চলেছে। এত বড় আয়োজনের সম্প্রচার স্বত্ব নিয়ে ভারতে দীর্ঘদিন ধরে কোনও অগ্রগতি না হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়। দিল্লি হাইকোর্টে প্রসার ভারতী স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার দায়িত্ব তাদের নয়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
সাজি প্রভাকরণের এই ঘোষণায় ফুটবল মহলে স্বস্তি ফিরেছে। এআইএফএফের ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণও সম্প্রতি ভারতের বিশাল দর্শকসংখ্যা ও বাণিজ্যিক গুরুত্বের কথা তুলে ধরেছিলেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ভারত ফিফার বিশ্বব্যাপী দর্শকের ২.৯ শতাংশ ছিল, যদিও ভারতীয় দল সেবার খেলেনি। এবারের বিশ্বকাপে ভারতের মতো দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশকে উপেক্ষা করা ফিফার পক্ষে সম্ভব ছিল না বলেই মনে করা হচ্ছে। (Fifa World Cup 2026)
ফিফা ইতিমধ্যে বিশ্বের ১৮০টিরও বেশি দেশে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে। ভারতের ক্ষেত্রে দাম নিয়ে কিছু জটিলতা ছিল। জিওস্টার ও সোনি-সহ কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা চলছিল। প্রভাকরণের মতে, আলোচনা এখন সম্পূর্ণ হয়েছে এবং খুব শীঘ্রই অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা করা হবে।
লক্ষ লক্ষ ভারতীয় ফুটবল সমর্থক এখন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে এবারের বিশ্বকাপ ভারতে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে পুরোপুরি দেখা যাবে। ফুটবলপ্রেমীরা মনে করছেন, এই ঘোষণার ফলে দেশে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে। (Fifa World Cup 2026)
এআইএফএফের তরফেও ভক্তদের উদ্বেগের কথা স্বীকার করা হয়েছে। বাণিজ্যিক আলোচনার দায়িত্ব ফেডারেশনের বাইরে হলেও, তারা সমর্থকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ছিল। আগামী সপ্তাহের ঘোষণার পরই পুরো ছবিটা স্পষ্ট হবে।
বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে, চোট পেলেন নেইমার, দুশ্চিন্তায় অ্যানচেলত্তি

