Site icon Hindustan News Point

Hardik Pandya: জাতীয় পতাকার অসম্মান, বিশ্বকাপ জয়ের পর হার্দিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Hardik Pandya

টি-২০ বিশ্বকাপ জয়ের উদযাপন ঘিরে এবার বিতর্কে জড়ালেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। জাতীয় পতাকার প্রতি অসম্মান দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুনের আইনজীবী ওয়াজেদ খান বিদকার বেঙ্গালুরুর শিবাজি নগর পুলিশ স্টেশনে হার্দিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, টি২০ বিশ্বকাপ জয় উদযাপনের সময়ে জাতীয় পতাকার মর্যাদা ক্ষুন্ন করেছেন হার্দিক। অভিযোগ অনুযায়ী, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর দলের উদযাপনের বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োগুলির একটিতে দেখা যায়, কাঁধে তিরঙ্গা জড়িয়ে মাঠে দৌড়চ্ছেন এবং নাচছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

অভিযোগকারীর দাবি, উদযাপনের এক পর্যায়ে পান্ডিয়াকে তাঁর বান্ধবীর সঙ্গে মঞ্চে শুয়ে থাকতেও দেখা যায়, তখনও তাঁর কাঁধে জাতীয় পতাকা জড়ানো ছিল। তাঁর মতে, এই আচরণ জাতীয় পতাকার প্রতি অসম্মানজনক।

আইনজীবী ওয়াজেদ খান আরও বলেন, “টি২০ বিশ্বকাপের সময়ে সবাই দেখেছেন, জয়ের আনন্দে হার্দিক পান্ডিয়া তাঁর বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তখন তাঁর পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। ১৯৭১ সালের জাতীয় পতাকা আইন অনুযায়ী পতাকার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। কিন্তু উদযাপনের আনন্দে তিনি বান্ধবীর সঙ্গে মঞ্চে শুয়ে পড়েন, তখনও তাঁর গায়ে জাতীয় পতাকা ছিল। আমার মনে হয়েছে এটা পতাকার প্রতি অসম্মান।”

FIFA World Cup থেকে নাম প্রত্যাহার করে নিল ইরান

ওয়াজেদ খান জানান, প্রথমে অভিযোগ করতে গেলে পুলিশ জানায় ঘটনাটি অন্য জায়গায় ঘটেছে তাই তারা অভিযোগটি নিতে পারবে না। তবে তিনি পুলিশকে বলেন, জাতীয় পতাকা গোটা দেশের প্রতীক, তাই যেকোনও পুলিশ স্টেশনেই অভিযোগ দায়ের করা সম্ভব। পরে পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করে। এখন পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই দেখার।

উল্লেখ্য,গত রবিবার ৮ মার্চ ছিল আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনাল। সেদিন ৯৬ রানে নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ভারত। এই নিয়ে টি২০ বিশ্বকাপে মোট তিনবার (২০০৭, ২০২৪ ও ২০২৬) জয়ের নজির গড়ল ভারত। তবে এরই মধ্যে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে এই মামলা নতুন করে বিতর্কে সৃষ্টি করেছে।।


Exit mobile version