Site icon Hindustan News Point

India vs England: কিশোর ভারতের বিশ্বজয়, ইংল্যান্ডকে উড়িয়ে ষষ্ঠবার বিশ্বকাপ ভারত

IndiavsEngland

জিম্বাবোয়ের মাটিতে আবারও উড়ল ভারতের যুব ক্রিকেটের জয়ধ্বজা। সময় বদলালেও ভারতের দাপট যে অটুট, তা আরও একবার প্রমাণ করল অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার মেগা ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকাতেই বিরাট কোহলির নেতৃত্বে যে সোনালি অধ্যায়ের শুরু হয়েছিল, ২০২৬ সালে এসে সেই গল্প আরও একবার রাজকীয় পরিণতি পেল। India vs England

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। কিন্তু যা দেখা গেল, তা ফাইনালের ইতিহাসে বিরল। মাত্র ১৪ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে ফেললেন ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইংল্যান্ডের বোলারদের কার্যত অসহায় করে দেন তিনি। ৫৫ বলে শতরান পূর্ণ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন বৈভব। তাঁর ব্যাট থেকে আসে ১৫টি চার ও একের পর এক গগনচুম্বী ছক্কা। বিশ্বকাপের ফাইনালে প্রথম ব্যাটার হিসেবে ১৫০ রানের গণ্ডি পার করার কৃতিত্বও এখন তাঁর দখলে।

বৈভবের সঙ্গে দারুণ সঙ্গত দেন অধিনায়ক আয়ুষ মাত্রে (৫৩), বিহান মলহোত্রা (৩০), বেদান্ত ত্রিবেদী (৩২) এবং শেষদিকে কানিষ্ক চৌহানের ঝোড়ো ক্যামিও। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রানের পাহাড় গড়ে ভারত, যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নকআউট ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর।

৪১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ইংল্যান্ড। ভারতীয় বোলারদের নিখুঁত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। একমাত্র লড়াই করেন কেলেব ফ্যালকনার, যিনি দুরন্ত শতরান করেন। তবে তাঁর লড়াইও জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪০ ওভারের মধ্যেই ৩১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান অম্বরীশ, দীপেন দেবেন্দ্রন ও কনিষ্ক চৌহানরা। India vs England

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আরও একধাপ এগিয়ে গেল ভারতের যুব ক্রিকেট। সিনিয়র দলের পথ ধরেই ভবিষ্যতের জন্য এক নতুন আত্মবিশ্বাস আর স্বপ্নের বার্তা দিয়ে গেল এই তরুণ ব্রিগেড।


Exit mobile version