Site icon Hindustan News Point

India vs New Zealand: রাহুলের পাল্টা মিচেলের সেঞ্চুরি, ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল নিউ জ়িল্যান্ড

India vs New Zealand

রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে জয় দিয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড (India vs New Zealand)। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে নিয়ে ভারতকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফেরাল কিউয়িরা। কে এল রাহুলের দুরন্ত শতরানও শেষ পর্যন্ত ভারতের কাজে এল না, কারণ পালটা সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ ছিনিয়ে নিলেন ড্যারিল মিচেল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ইনিংস শুরুটা আশাব্যঞ্জক হলেও দ্রুত ছন্দ হারায়। রাজকোটের পাটা উইকেটে এ দিন ব্যাটারদের ভুগতে হয় অদ্ভুত বাউন্স ও ধীরগতির জন্য। রোহিত শর্মা ২৪ রানে আউট হওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। বিরাট কোহলি (২৩), শ্রেয়স আইয়ার (৮), নীতীশ রেড্ডি (২০) বড় রান করতে ব্যর্থ হন। শুভমন গিলের ৫৬ রানের ইনিংসের পর দলকে টেনে তোলেন কে এল রাহুল। চাপের মুখে দাঁড়িয়ে ১১২ রানে অপরাজিত থেকে ভারতকে ৫০ ওভারে ২৮৪ রানে পৌঁছে দেন তিনি। তবে এই রান যে যথেষ্ট নয়, সেটার ইঙ্গিত ছিল শুরু থেকেই।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতে ধাক্কা খায়। হর্ষিত রানার বলে ডেভন কনওয়ে (১৬) এবং প্রসিদ্ধ কৃষ্ণর বলে হেনরি নিকোলস (১০) দ্রুত ফিরে যান। ১২.২ ওভারে ৪৬ রানে দুই ওপেনার আউট হওয়ায় ম্যাচ তখন ভারতের দিকে ঘুরতে পারে বলেই মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকেই দৃশ্যপট বদলে দেন উইল ইয়ং ও ড্যারিল মিচেল। দু’জনে মিলে ১৫২ বলে ১৬২ রানের অনবদ্য পার্টনারশিপ গড়েন। ৮৭ রানে ইয়ং আউট হলেও মিচেল থামেননি। প্রসিদ্ধ কৃষ্ণর হাতে তাঁর ক্যাচ পড়ে যাওয়াটাও ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

শেষ পর্যন্ত ১১৭ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন মিচেল। গ্লেন ফিলিপসের ৩২ রানের সহায়তায় ৪৭.৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। ভারতের ছয় বোলার মিলেও মাত্র তিনটি উইকেট নিতে পারায় বোলিংয়ের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। এই হারের ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এখন ভারতের কাছে ডু অর ডাই। ১৮ জানুয়ারি ইন্দোরে নির্ধারিত ফয়সালার ম্যাচে সব নজর থাকবে টিম ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানোর দিকে।


Exit mobile version