---Advertisement---
lifezone nursing home

India vs South Africa: নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ছন্দপতন, দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার ভারতের

February 22, 2026 11:08 PM
India vs South africa
---Advertisement---

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয়ের ধারা থামল দক্ষিণ আফ্রিকার কাছে। সুপার এইটের প্রথম ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ৭৬ রানে হেরে বড় ধাক্কা খেল (India vs South Africa)। ২০২৪ বিশ্বকাপের পর থেকে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল প্রোটিয়াদের বিরুদ্ধে।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। শুরুটা ভারতের পক্ষেই ছিল। জশপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং দ্রুত তিন উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০ রানে চাপে ফেলে দেন। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘোরান ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। চতুর্থ উইকেটে তাঁদের ৯৭ রানের জুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ফিরিয়ে আনে। ব্রেভিস করেন ৪৫, মিলার ৬৩ এবং ত্রিস্তান স্টাবস ৪৪ রান করে দলকে ২০ ওভারে ১৮৭ রানে পৌঁছে দেন।

ভারতের হয়ে বুমরাহ ১৫ রানে ৩ উইকেট নিয়ে উজ্জ্বল থাকেন। অর্শদীপ নেন ২ উইকেট। তবে অন্য বোলাররা রান আটকে রাখতে পারেননি।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ঈশান কিষাণ শূন্য, তিলক বর্মা ১ রানে ফিরলে চাপ বাড়ে। অভিষেক শর্মা ১৫ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ওয়াশিংটন সুন্দরকে উপরে নামানোর কৌশলও কাজে আসেনি—তিনি করেন ১১ বলে ১১। অধিনায়ক সূর্যকুমার ১৮ রান করে আউট হলে ভারতের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়।

মাঝে শিবম দুবে লড়াই করার চেষ্টা করেন। ৩৭ বলে ৪২ রান করে তিনিই সর্বোচ্চ স্কোরার। হার্দিক পান্ডিয়াও কিছুটা চেষ্টা করলেও নিয়মিত উইকেট পতনে ভারত চাপে পড়ে। কেশব মহারাজের এক ওভারে হার্দিক, রিঙ্কু ও অর্শদীপের উইকেট পড়ে ম্যাচ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার দিকে চলে যায়। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয় ভারত।

দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জানসেন ৪ উইকেট, মহারাজ ৩ উইকেট নেন। এই জয়ে প্রোটিয়ারা গত বিশ্বকাপ ফাইনালের হারের বদলা নেয়। অন্যদিকে ভারতীয় শিবিরে উঠে এসেছে ব্যাটিং অর্ডার, কৌশল ও প্ল্যান বি নিয়ে প্রশ্ন। সামনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ—সেখানেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সূর্যদের।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “India vs South Africa: নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ছন্দপতন, দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার ভারতের”

Leave a Comment