Site icon Hindustan News Point

India W vs Bangladesh W: ১০০ রানও করতে পারল না পড়শিরা, বাংলাদেশকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত

india w vs bangladesh w

রাইজ়িং স্টারস এশিয়া কাপের ফাইনালে দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতের মহিলা ক্রিকেট দল। থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত খেতাবি লড়াইয়ে রাধা যাদবের নেতৃত্বে উইমেন ইন ব্লু ১৩৪ রান তুলে পরে বল হাতে দুর্দান্ত দাপট দেখিয়ে বাংলাদেশকে মাত্র ৮৮ রানে গুটিয়ে দেয়। ফলে টানা দ্বিতীয়বার ট্রফি জিতে নেয় ভারত।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লে’তেই দুই ওপেনার নন্দিনী কাশ্যপ ও বৃন্দা দীনেশ ফিরে যান। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর তেজল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব ইনিংস সামলান। দু’জনে মিলে গুরুত্বপূর্ণ ৬৯ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান। রাধা ৩৬ রান করে আউট হলেও তেজল ৩৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের স্কোর ১৩৪-এ পৌঁছে দেন।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে তারা কখনও ম্যাচে ফিরতে পারেনি। সামিমা সুলতানা ও শারমিন সুলতানা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ভারতীয় বোলারদের ধারালো আক্রমণের সামনে ভেঙে পড়ে পুরো দল। ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

বল হাতে প্রেমা রাওয়াত চার ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নেন। সোনিয়া মেন্ধিয়া ও তনুজা কানওয়ার দু’টি করে উইকেট তুলে নেন। রাধা যাদবও একটি উইকেট পান এবং টুর্নামেন্ট জুড়ে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নজর কাড়ে।

ভারতের দাপুটে জয়ের ফলে বাংলাদেশ আবারও শিরোপা হাতছাড়া করল। পুরো টুর্নামেন্টে ব্যাট ও বল—দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে এশিয়ার সেরা হওয়ার মুকুট ধরে রাখল ভারতীয় মহিলা দল।


Exit mobile version