শেষ জয় এসেছিল কেকেআরের বিরুদ্ধে, তারপর থেকে IPL ২০২৬-এ একের পর এক হারের ধাক্কায় চাপের মুখে মুম্বই ইন্ডিয়ান্স। দলের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এরই মধ্যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সাম্প্রতিক ম্যাচে হারের পর সামনে এল নতুন বিতর্ক। ওই ম্যাচে দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং জশপ্রীত বুমরার মধ্যে মতবিরোধেই সিঁদুরে মেঘ দেখছে মুম্বই সমর্থকেরা। তবে কি এবার দলের অন্দরেই ফাটল?
বৃহস্পতিবার, পাঞ্জাব এবং মুম্বইয়ের ম্যাচ চলাকালীন একটি সিদ্ধান্তকে ঘিরেই এই জল্পনার সূত্রপাত। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার একটি ফিল্ডিং সংক্রান্ত সিদ্ধান্তে খুশি ছিলেন না বুমরা। মাঠেই তাঁর অসন্তোষ স্পষ্ট ধরা পড়ে। তিনি মুখে কিছু না বললেও, শরীরী ভাষাতেই বোঝা যাচ্ছিল যে তিনি সেই সিদ্ধান্তে একমত নন। (IPL 2026)
ঘটনাটি ঘটে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে, সেই সময়ে মুম্বই ম্যাচে ফেরার জন্য লড়াই চালাচ্ছিল। সেই সময়ে হার্দিকের নেওয়া একটি সিদ্ধান্ত বুমরার পরিকল্পনার সঙ্গে মেলেনি। বিষয়টি নিয়ে মাঠেই দু’জনের মধ্যে আলোচনা হয়, যা অনেকের নজর কাড়ে।
IPL Ticket Scam: বেঙ্গালুরুতে IPL-এর টিকিটের কালোবাজারি, গ্রেফতার ক্যান্টিন কর্মী
চলতি আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়েছে। একদিকে যেমন গোটা দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে অন্যদিকেই হার্দিকের অধিনায়কত্ব নিয়েও অনেকেই সন্তুষ্ট নন। তবে পাঞ্জাবের সঙ্গে ম্যাচে হারের পর এই ব্যর্থতার দায় দলের উপর চাপিয়েছেন হার্দিক। এদিন ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘সত্যি বলতে, এই মুহূর্তে কিছু বলার নেই। আমাদের সকলকে একসঙ্গে বসে কারণ খুঁজতে হবে। ব্যক্তিগত ব্যর্থতা না দলগত ব্যর্থতা না পরিকল্পনার ঘাটতি থাকছে তা খুঁজে বের করতে হবে। আমরা আলোচনা করে দ্রুত সমাধান খোঁজার চেষ্টা করব।’’ (IPL 2026)
তিনি আরও বলেন, “আমাদের হয়তো কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে, না হলে একই দল নিয়ে পরিস্থিতি পরিবর্তনের কথা ভাবতে হবে।”অধিনায়কের এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন এবারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে হয়তো কিছু পরিবর্তন আসতে চলেছে। তবে সেই পরিবর্তনে বুমরা এবং হার্দিকের মধ্যেকার এই দ্বন্দ্ব কোনও প্রভাব ফেলবে কি না তার উত্তর সময় দেবে।
ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, এই ধরনের মতবিরোধ খেলায় স্বাভাবিক, তবে যখন দল একটানা হারছে, তখন এই ছোটখাটো অশান্তিও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সেই সংঘর্ষ যখন সেটা দলের অধিনায়ক এবং প্রধান বোলারের মধ্যে হয়।
সব মিলিয়ে, পাঞ্জাবের বিরুদ্ধে হার শুধু পয়েন্ট টেবলেই ধাক্কা দেয়নি, বরং মুম্বই শিবিরের অন্দরের অস্বস্তিকেও সামনে এনে দিয়েছে। এখন দেখার, এই পরিস্থিতিতে তারা কীভাবে ঘুরে দাঁড়ায় এবং হার্দিক-বুমরার এই মতভেদ ভবিষ্যতে দলের উপর কতটা প্রভাব ফেলে। (IPL 2026)

