Site icon Hindustan News Point

IPL 2026: নাইটদের মুখ থেকে জয় ছিনিয়ে এক ম্যাচেই নায়ক মুকুল, জানুন এই তরুণের পরিচয়?

IPL 2026

মুকুল চৌধুরি, কলকাতাবাসীরা অন্তত এই নামটা বেশ কিছুদিন ভুলতে পারবেন না। ঘরের মাঠ ইডেনে প্রায় জেতা একটি ম্যাচকে নাইটদের মুখের সামনে থেকে ছিনিয়ে নিয়ে গেলেন এই অনামী যুবক। এবারের আইপিএলের শুরুটা কলকাতার জন্য মোটেই সুখকর ছিল না। বৃহস্পতিবার লখনৌয়ের বিরুদ্ধে ম্যাচটা জেতা নাইটদের জন্য ছিল অত্যন্ত জরুরি। কিন্তু তীরে এসো তরী ডুবে গেল। আর কেকেআরের এই ভরাডুবির একমাত্র কারণ হয়ে রইলেন মুকুল চৌধুরি।

গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশের মুখ ভার ছিল, সন্ধ্যে হলেই কালবৈশাখী দাপট দেখা যাচ্ছিল। বৃষ্টির কারণেই গত সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার ম্যাচটা ভেস্তে গিয়েছিল। বৃহস্পতিবারও সেই আশঙ্কাতেই ছিলেন খেলোয়ার থেকে দর্শক সকলেই। তবে এদিন ভাগ্য সুপ্রসন্ন ছিল ক্রিকেটভক্তদের। পূর্বাভাস থাকলেও সন্ধ্যের দিকে আর বৃষ্টি হয়নি শহরে। নির্ধারিত সময়ে খেলা শুরু হয়। মরশুমে এই প্রথম ব্যাটে রান পেয়েছিলেন কলকাতার অধিনায়ক অজিঙ্ক রাহানেও। রঘুবংশী এবং রোভমান পাওয়েলদের চেষ্টায় শেষ পর্যন্ত ২০ ওভারে কলকাতার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৮১। (IPL 2026)

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লখনৌ কিছুটা চাপেই পড়েছিল। অল্প সময়ের মধ্যেই ডাগআউটে ফিরতে হয়েছিল অধিনায়ক ঋষভ পন্থকে। আয়ুশ বাদোনি যখন আউট হলেন তখন লখনৌ সুপার জায়ান্টসের স্কোর ১৪.৪ ওভারে ১২৫ রানের ৬ উইকেট। এরপর মহম্মদ সামি নামলেও একটু পরেই আউট হন তিনি। তখনও লখনৌয়ের জেতার জন্য দরকার ৫৪ রান আর কেকেআরের দরকার মাত্র তিন উইকেট। অনেকেই ভেবেছিলেন শেষ পর্যন্ত এবারে আইপিএলে প্রথম জয়টা এদিন কেকেআর পেতে চলেছে। কিন্তু কে জানত জয়ের পতাকা ছিনিয়ে নিতে এদিন মাঠে নেমেছিলেন মুকুল চৌধুরি। ধোনি ভক্ত মুকুল এদিন দু’দুটো হেলিকপ্টার শট মেরে দেখিয়ে দিলেন তিনিও ক্যাপ্টেন কুলের মতই শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রেখে দলকে জিতিয়ে দিতে পারেন।

Lucknow Super Giants: KKR-কে হারিয়ে স্বস্তি পেলেও বড় ধাক্কা এল LSG শিবিরে, ছিটকে গেলেন এই তারকা

২০০৪ সালের ৬ অগস্ট রাজস্থানের ঝুনঝুনুতে জন্মগ্রহণ করা এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার মুকুল। অনূর্ধ্ব ২৩ প্রতিযোগিতায় মুকুলের ব্যাটিং নজর কেড়েছিল এলএসজির স্কাউটিং টিমের। এই প্রতিযোগিতা সবচেয়ে বেশি ছক্কা মেরেছিলেন। এরপর রাজস্থানের জন্য উইকেটকিপার-ব্যাটার হিসেবে যোগ দিয়েছিলেন। ২০২৫-২৬ মরশুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ২৮ বলে ৫৪ রানের ইনিংস তাঁকে লাইমলাইটে নিয়ে আসে। ২০২৬ সালের আইপিএল মরশুমের আগে লখনউ সুপার জায়ান্টস তাঁকে ২.৬০ কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে দলে নিয়েছিল। (IPL 2026)

বৃহস্পতিবার ম্যাচ শেষে ২৭ বলে ৫৪ রানের একটি অপরাজিত ইনিংস খেলে আইপিএলের খাতায় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে রেখে গেলেন মুকুল। শেষ কয়েক ওভারে কেকেআরের বোলারদেরকে তিনি ভাবতে বাধ্য করেছেন ঠিক কোন বলটা করলে মুকুল নামক ঝড়টিকে আটকানো যাবে। এদিন কলকাতায় কালবৈশাখী আগমন ঘটেনি বটে তবে মুকুল চৌধুরির নামক ঝড়টি ইডেনে এক তাণ্ডব চালিয়ে গিয়েছে।

আইপিএল নিলামে যখন মুকুলকে কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল লখনৌ তখন বোধহয় দলের কেউই ভাবেননি এই তরুণ তুর্কি এভাবে একদিন কলকাতার হাতের মুঠোয় থাকা ম্যাচটিকে নিজের কব্জির জাদুতে ছিনিয়ে নেবেন। তবে বৃহস্পতিবার সেই কাজটাই করে দেখালেন ২১ বছরের এই অনভিজ্ঞ তরুণ।


Exit mobile version