Site icon Hindustan News Point

ইডেনে ডু-অর-ডাই ম্যাচের আগে বড় ধাক্কা নাইট শিবিরে, ছিটকে গেলেন পাথিরানা

KKR

আইপিএল ২০২৬-এ বাঁচা-মরার শেষ ম্যাচের আগে আবারও বদলাতে হলো স্কোয়াড। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজ ইডেন গার্ডেন্সে নামার কয়েক ঘণ্টা আগে চোটের কারণে মরশুম থেকে ছিটকে গেলেন (KKR) কলকাতা নাইট রাইডার্সের পেসার মাথিশা পাথিরানা। তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে কর্নাটকের উইকেটকিপার-ব্যাটার লভনিথ সিসোদিয়াকে। তিনি ৩০ লক্ষ টাকায় কেকেআর শিবিরে যোগ দিলেন।

১৮ কোটি টাকায় কেনা ডানহাতি পেসার পাথিরানাকে ঘিরে শুরু থেকেই ছিল প্রত্যাশা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট এনওসি দেরিতে আসায় মরশুমের বড় অংশ খেলতেই পারেননি তিনি। অবশেষে গুজরাট টাইটান্স ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেও মাত্র আট বল করার পরই হ্যামস্ট্রিং সমস্যায় মাঠ ছাড়তে হয়। সেই চোটই শেষ পর্যন্ত তাঁর আইপিএল অভিযান থামিয়ে দেয়।

একজন পেসারের বদলি হিসেবে কেন উইকেটকিপার-ব্যাটার?

এর উত্তর কেকেআরের (KKR) সাম্প্রতিক পরিস্থিতিতেই লুকিয়ে। কয়েক দিন আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন দলের প্রথম পছন্দের উইকেটকিপার অংকৃষ রঘুবংশী। কনকাশন ও আঙুলে চোটের পর উইকেটরক্ষণের বিকল্প সীমিত হয়ে পড়েছিল। সেই কারণেই টিম ম্যানেজমেন্ট ব্যাটিং ও কিপিং— দুই বিভাগে কভার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সিসোদিয়া আগে (KKR) কেকেআরে ছিলেন, ফলে মানিয়ে নেওয়ার সময়ও কম লাগবে।

যদিও তিনি এখনও আইপিএলে অভিষেক করেননি। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে ১২৪ রান করেছেন স্ট্রাইক রেট ১২৭-এর বেশি। বড় পরিসংখ্যান নয়, কিন্তু এই মুহূর্তে কেকেআরের কাছে তাঁর ভূমিকা শুধু রান নয়, স্কোয়াডের ভারসাম্য ফেরানো। আইপিএল ২০২৬-এ (KKR) কেকেআরের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধারাবাহিকতা নয়, প্রাপ্যতা। একের পর এক চোট, দেরিতে যোগ দেওয়া বিদেশি ক্রিকেটার, মাঝপথে ছিটকে যাওয়া গুরুত্বপূর্ণ সদস্য। পুরো মরশুমেই পূর্ণ শক্তির দল নামাতে পারেনি তারা।

এখন সমীকরণ একটাই— আজ ইডেনে দিল্লিকে বড় ব্যবধানে হারাতে হবে। পাশাপাশি দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারতে হবে। তার আগে সিসোদিয়ার অন্তর্ভুক্তি হয়তো প্রথম একাদশ বদলাবে না কিন্তু ড্রেসিংরুমে অন্তত কিছুটা হলেও স্বস্তি ফেরানোর চেষ্টা করল কেকেআর।

দিনে স্বাভাবিক, সূর্য ডুবলেই নিস্তেজ! পাকিস্তানের সোলার কিডের রহস্যে হতবাক চিকিৎসকরা


Exit mobile version