IPL শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারের IPL শুরুর দিনে আর হবে না উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল BCCI?
প্রতি বছর IPL শুরু এবং ফাইনালের দিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। বহু তারকায় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দর্শকদের মাতিয়ে তোলেন। গত বছরের IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বাদশা কিং খান থেকে শুরু করে দিশা পাটনি, শ্রেয়া ঘোষালের মতো শিল্পীরা। তবে এবারে আর উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে BCCI। (IPL 2026)
৪ জুন ২০২৫ ছিল IPL তথা ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এক অন্যতম কলঙ্কিত দিন। গত বছরের বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সেলিব্রেশানের সময় পদপৃষ্ট হয়ে মারা যান ১১ জন দর্শক। এরপর কেটে গেছে প্রায় একটা বছর। IPL-এর নতুন সিজন শুরু হতে চলেছে আর দু’দিন পরেই। কিন্তু অতীতের সেই স্মৃতি এখনও দগদগে। সেই ঘটনার কথা মাথায় রেখেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
এ প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, “গত বছরের ৪ জুনের মর্মান্তিক ঘটনার পর এবারে IPL-এর শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিসিসিআই এবার টুর্নামেন্ট শুরুর দিনে কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করছে না।” তবে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনাল অর্থাৎ ৩১ মে একটি বড় মাপের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। (IPL 2026)
উল্লেখ্য, এবারের IPL-এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মার্চ, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) । তবে ম্যাচের আগে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বা বড় আয়োজন থাকছে না। সরাসরি ম্যাচ দিয়েই শুরু হবে টুর্নামেন্ট। (IPL 2026)

