Site icon Hindustan News Point

IPL 2026 Schedule: উদ্বোধনী ম্যাচে RCB, কবে নামছে KKR? রইল IPL-এর সূচি

IPL 2026 Schedule

টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর ঘুরে গেল আইপিএলের দিকে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি–টোয়েন্টি লিগের ১৯তম সংস্করণের প্রথম পর্বের সূচি বুধবার ঘোষণা করেছে বোর্ড (IPL 2026 Schedule)। আপাতত ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ম্যাচগুলির সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, ২৮ মার্চ শুরু হবে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। সব জল্পনার অবসান ঘটিয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ২৯ মার্চ। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তবে সেই ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কেকেআর। পরের দুটি ম্যাচও নিজেদের ঘরের মাঠেই খেলবে অজিঙ্কা রাহানের দল। ৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবে তারা।

পাঁচবারের আইপিএলজয়ী চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। অন্যদিকে গত মরশুমের ফাইনালিস্ট পাঞ্জাব কিংস তাদের অভিযান শুরু করবে ৩১ মার্চ মুলানপুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আগেই জানিয়েছিলেন, ১২ মার্চের মধ্যেই সূচি ঘোষণা করা হবে। সেই অনুযায়ী ১১ মার্চ প্রকাশ করা হয়েছে প্রথম পর্বের সূচি, যেখানে মোট ২০টি ম্যাচ রাখা হয়েছে।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। মার্চ থেকে মে মাসের মধ্যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন থাকার কারণেই পুরো সূচি একসঙ্গে প্রকাশ করা হয়নি বলে মনে করা হচ্ছে।

এদিকে বোর্ডের তরফে জানানো হয়েছে, এবারের আইপিএলের দুটি প্লে–অফ ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।


Exit mobile version