Site icon Hindustan News Point

দুর্গাপুজোর সময়ে IPL, ৬ মাস পিছিয়ে যেতে পারে টুর্নামেন্ট, আচমকা কেন এমন সিদ্ধান্ত?

IPL

আইপিএলের সূচিতে বদল ঘটতে পারে। গোড়া থেকেই আইপিএল (IPL) শুরু হয়ে আসছে মে মাসে। এর মাঝে অতিমারির কারণে ২০২০ ও ২০২১ সালে সেপ্টেম্বর-অক্টোবর মাসে হয়েছিল আইপিএল। তবে সব ঠিক থাকলে পাকাপাকি ভাবে ওই সময়েই আইপিএল আয়োজন করা হতে পারে। ফলে ছ’মাস পিছিয়ে দেওয়া হতে পারে। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি।

মূলত এর পেছনে রয়েছে দু’টি কারণ। এই দু’টি কারণের কথা জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি বলেন, “প্রতিযোগিতা কিছুটা পিছিয়ে দেওয়া যায় কি না, তা নিয়ে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে বৈঠক করে ওদের মতামত জানতে হবে। একটা পরামর্শ অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল হতে পারে। বিজ্ঞাপনদাতাদের কাছে সময়টা খুবই ভালো। কারণ দীপাবলির ঠিক আগে আইপিএল হবে। এর পরের দ্বিপাক্ষিক সূচি দেখতে হবে আমাদের। সেই সময় আইপিএল করা যায় কি না তা বুঝতে হবে।” আপাতত অনুমতির অপেক্ষায় রয়েছেন তাঁরা। ভারতের বিভিন্ন রাজ্যের প্রবল গরম এবং ক্রিকেটারদের ক্লান্তির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এখন আইপিএলে ১০টি দল খেলে। মোট ম্যাচ হয় ৭৪টি। লিগ পর্বে সব দল সবার বিরুদ্ধে খেলে না। কিন্তু ২০২৮ মরশুম থেকে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ওই সময়ে ভারতে দুর্গাপুজো, দশেরা, দীপাবলি হয়। সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজন করা হলে সেই সময় উৎসবের মেজাজে থাকা সমর্থকদের বেশি সংখ্যায় মাঠে টেনে আনা যাবে বলে মত বোর্ড কর্তাদের।

তবে এখনই এই নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় বিসিসিআই। তাদের উপর কোনও চাপ নেই। তাছাড়া আইসিসি’র থেকেও অনুমতি নিতে হবে। আইপিএলের সময় কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট রাখে না আইসিসি। ফলে কী সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখার।


Exit mobile version