Site icon Hindustan News Point

ISL 2025-26: ১৩ ম্যাচের লড়াই হাড্ডাহাড্ডি, জমে উঠেছে এবারের ISL

ISL 2025-26

কুশল চক্রবর্তী

শুরুতেই ছিল নানা বিপত্তি। ISL হবে কি হবে না, তা নিয়ে অনেক জলঘোলা (ISL 2025-26)। কারণ একটাই। ১৫ বছরের AIFF-এর সঙ্গে চুক্তির পাট চুকিয়ে চলে গেছে রিলায়েন্সের FSDL। চিন্তা এত বড় প্রতিযোগিতা করার টাকা পাবে কোথা থেকে AIFF? অন্যদিকে আবার AIFF জড়িয়ে পড়েছে মামলা মোকদ্দমার ঝামেলায়। অনেক টানাপোড়েনের পর ঠিক হলো ISL হবে, তবে ছোট করে। এবারের ISL-এ খেলবে ১৪টি দল, প্রতিটি দল একবার করে একে অন্যের সঙ্গে খেলবে। অর্থাৎ কি না প্রতি দলকে খেলতে হবে ১৩টি করে ম্যাচ। প্রথম দিকের খেলাগুলোতে তেমন উত্তেজনার অবকাশ না থাকলেও প্রায় নবম রাউন্ডে এসে কিন্তু বেশ জমে উঠেছে এবারের মানে ২০২৫-২৬ এর ISL।

বলতে গেলে লড়াই এখন মুম্বই এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া আর ইস্টবেঙ্গলের মধ্যে। জামশেদপুর আর বেঙ্গালুরু দাঁড়িয়ে আছে এই দলগুলোর ঠিক গায়ে। কিন্তু যেটা দেখার বিষয় তা হচ্ছে যে, যত এই ISL এগিয়েছে তত লিগের রং বদলে গিয়েছে। মোহনবাগান গত বারের চ্যাম্পিয়ন। দেখুন, দারুণ শুরু। পর পর চারটে ম্যাচে জয়। কিন্তু তারপর তিনটে ম্যাচে পয়েন্ট নষ্ট। একটাতে হার আর দুটোতে ড্র। অষ্টম ম্যাচে এসে কোনওরকমে পাঞ্জাব এফসিকে হারানো। নবম ম্যাচে তো আরও বড় ঘটনা। কী করে যে এই রকম বৃষ্টিভেজা মাঠে খেলা চালালেন রেফারী ক্রিস্টাল জন সেটাও একটা ঘটনা। বৃষ্টির জন্য হাফ টাইমের পর ৩০ মিনিট খেলা বন্ধ থাকলেও বলতে গেলে প্রায় জলে বল আটকানো মাঠে মোহনবাগান ১-০ গোলে নর্থ ইস্টকে হারিয়ে প্রথম স্থানে চলে গেল। আর এই মাঠে খেলা চালানোর প্রতিবাদ করার ফলে খেলার শেষে লাল কার্ড দেখলেন নর্থ ইষ্টের কোচ পেদ্রো বেনালি।

পুকুরসম মাঠে সবুজ মেরুনের দাপট, নর্থ ইস্টকে হারিয়ে টেবল টপার মোহনবাগান

আর মোহনবাগান এই লিগ ফয়সালা করার পয়েন্টের মাত্রাটা ৩২ পয়েন্টে নিয়ে গেল। অন্য দিকে জামশেদপুর এফসিও ঠিক মোহনবাগানের মতো প্রথম চারটে ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল। কলকাতায় এসে ইস্টবেঙ্গলকে হারিয়েও ছিল। তারপর পর পর পাঁচটা ম্যাচে পয়েন্ট হারানো। দুটো হার, তিনটে ড্র। অন্য দিকে দেখুন মুম্বই সিটি এফসি দারুণ শুরু করে, মোহনবাগানকে হারিয়েও নবম খেলায় গোয়ার কাছে ২-০ গোলে হার। আরেকদিকে ইস্টবেঙ্গল শুরুতে পর পর দু ম্যাচে জেতার পর তাদের ছন্দপতন। পর পর তিন ম্যাচে একটা হার ও দুটো ড্র। তারপর আবার পর পর দুটো ম্যাচ জেতার পর, আবার অষ্টম ম্যাচে এসে কোনও রকমে ড্র। ওদিকে আবার বেঙ্গালুরুর ধারাবাহিকতার অভাব। একটা ম্যাচ জেতে তো দুটো ম্যাচ হারে বা ড্র করে। এদিকে এফসি গোয়াও কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। তারাও ৯টা ম্যাচের মধ্যে ৪টে ম্যাচ জিতে ফেলেছে। পাঞ্জাব এফসিও কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। তাদের সুবিধা তাঁরা কিন্তু মাত্র ৭টা ম্যাচ খেলছে। অঙ্কের হিসাবে এটা বলা যেতেই পারে ৩২ পয়েন্ট বা তার কাছাকাছি এবারের লিগের ফয়সালা হয়ে যাবে।

এবার আসা যাক কোন লিগ জয়ের প্রত্যাশী দলকে কাদের সঙ্গে এখনও খেলতে হবে। মুম্বই এফসির আর চারটে ম্যাচ আছে। তাদের খেলতে হবে বেঙ্গালুরু, ইস্টবেঙ্গল, মহামেডান আর পাঞ্জাব এফসির সঙ্গে। এই ম্যাচগুলোর মধ্যে ৩টেই খুব কঠিন ম্যাচ। অন্যদিকে ISL জয়ের আরেক দাবিদার মোহনবাগানকে খেলতে হবে গোয়া, ইন্টার কাশী, ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির সঙ্গে। প্রত্যেকটা খেলাই খুব গুরুত্বপূর্ণ। জামশেদপুরের খেলা আছে গোয়া, বেঙ্গালুরু, ওডিশা আর চেন্নাইয়ের সঙ্গে। দুটো ম্যাচ হয়তো সোজা হলেও, দুটো ম্যাচ বেশ কঠিন। ইস্টবেঙ্গলকে খেলতে হবে ওডিশা, পাঞ্জাব, মুম্বই, ইন্টার কাশী আর মোহনবাগানের সঙ্গে। দুটো ছাড়া আর তিনটে ম্যাচ খুবই কঠিন।এখন এবারের ISL-এর যা অবস্থা তা এই লিগের খেতাব নির্ধারণে জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি আর পাঞ্জাব এফসি বড় ভুমিকা নিতে পারে। এই তিনটে দলের পক্ষে হয়তো ISL জেতা সম্ভব আর নয়। কিন্তু যে কোনও সময় এরা সম্ভাব্য জয়ী দলের বাড়া ভাতে যে ছাই দিতে পারে তাতে কোনও সন্দেহ নেই।

ISL-এর পয়েন্ট টেবল


Exit mobile version