Site icon Hindustan News Point

ISL Controversy: নামই উচ্চারণ করতে পারলেন না ইস্টবেঙ্গল-মোহনবাগানের, বিতর্কের মুখে ক্রীড়়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য

ISL controversy

ছবি: AI


ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। একদিকে যখন দীর্ঘ অনিশ্চয়তার পরে লিগ আয়োজনের জট কাটার পথে, ঠিক তখনই নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ল ISL। এ বার বিতর্কের কেন্দ্রে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ISL নিয়ে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ঐতিহ্যবাহী দুই বাংলা ক্লাব—মোহনবাগান ও ইস্টবেঙ্গলের নাম ভুল উচ্চারণ করায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। (ISL Controversy)

মঙ্গলবার দিল্লিতে ISL-এর ১৪টি ক্লাবের প্রতিনিধি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-এর আধিকারিক এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওই বৈঠকেই ঘোষণা করা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ISL শুরু হবে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং AIFF সভাপতি কল্যাণ চৌবে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী মোহনবাগানকে ‘মোহন বেগন’ এবং ইস্টবেঙ্গলকে ‘ইস্ট বেগন’ বলে উচ্চারণ করেন।

সাংবাদিক বৈঠকের সেই ভিডিও ক্লিপ দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার এই ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, বাংলার শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাবগুলির নাম সঠিকভাবে উচ্চারণ করতে না পারা শুধু অজ্ঞতার পরিচয় নয়, বাংলার ফুটবল সংস্কৃতির প্রতিও অসম্মান।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ঐতিহ্যবাহী মোহনবাগান ও ইস্টবেঙ্গল সম্পর্কে ক্রীড়ামন্ত্রীর অনভিজ্ঞতা লজ্জাজনক এবং এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে।

তবে এই ঘটনার সময় মঞ্চে উপস্থিত থাকলেও AIFF সভাপতি কল্যাণ চৌবে বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

সব মিলিয়ে, ISL শুরুর আগেই এই ঘটনা বাংলার ফুটবল আবেগ ও জাতীয় রাজনীতির সংঘাতকে নতুন করে সামনে এনে দিয়েছে।


Exit mobile version