দীর্ঘ বিরতির পর শনিবার চেন্নাইয়িন এফসি বিরুদ্ধে আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল। মহম্মদ রশিদ এবং কেভিন সিবিলের প্রত্যাবর্তন জল্পনাকে জিইয়ে রেখে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে গুটি সাজাতে ব্যস্ত অস্কার ব্রুজো। আইএসএলের পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি ম্যাচই ফাইনাল। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আইএসএল এর পয়েন্ট টেবিলে আপাতত ৬ নম্বরে ইস্টবেঙ্গল।
ফিফা বিরতির মধ্যে ইস্টবেঙ্গল গত ছয় ম্যাচের ভুল শুধরে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে। সেই পরিকল্পনায় কেভিন সিবিলে এবং মহম্মদ রশিদও গুরুত্বপূর্ন সদস্য। অস্কার ব্রুজো ধোঁয়াশা বজায় রাখলেও অনুশীলনে দুই ফুটবলারই চুটিয়ে খেললেন। বিশেষ করে কেভিন সিবিলে আনোয়ারের সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষের আক্রমন সামলাতে তৈরি। গোড়ালির হঠাৎ চোটে মহম্মদ রশিদকে ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ দেখা গেলেও তা জোরালো নয়। শনিবার মহম্মদ রশিদ আঠারো জনের দলে থাকবেন। সম্ভবত পরিবর্ত হিসেবে নামবেন। তবে তাঁকে নিয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থার নেওয়ার পক্ষে অস্কার ব্রুজো। (ISL East Bengal FC)
গত ম্যাচে মহমেডান স্পোর্টিংকে বড় ব্যবধানে হারানোর পরে এখন পরিস্থিতির বদল হয়েছে। প্রতিপক্ষ দলগুলো পয়েন্ট হারিয়েছে। যাতে সুবিধা হয়েছে ইস্টবেঙ্গলের। দলের সিনিয়র ফুটবলার শৌভিক চক্রবর্তী বলেছেন গত ছয় ম্যাচ অতীত। সামনের সাতটি ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য দল তৈরি। এবং দলের প্রতিটি ফুটবলার পরিস্থিতি সামলানোর জন্য চ্যালেঞ্জ নিতে তৈরি। প্রতিটি ম্যাচই এখন ফাইনাল।
কোচ তাঁর দুই বিদেশি সম্পর্কে জল্পনা রাখলেও আজকের ম্যাচের জন্য তাঁরা যে প্রস্তুত তা বুঝিয়ে দিয়েছেন। “ফিফা বিরতির আগে আমরা ভালো ছন্দে ছিলাম, যেমনটা আমরা মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে ম্যাচে দেখিয়েছি। তবে এই ধরনের বিরতি সব দলের ওপরই প্রভাব ফেলে, তাই এটা সুবিধা না অসুবিধা সেটা বলা কঠিন,” বলেছেন অস্কার ব্রুজো। (ISL East Bengal FC)
প্রায় একই সঙ্গে যোগ করেছেন “আমি শুধু বলতে পারি, মানসিকভাবে এই বিরতিটা আমাদের জন্য খুবই উপকারী ছিল। জুলাই থেকে টানা অনুশীলন করে আসছি, তাই এই মানসিক বিশ্রামটা খুব দরকার ছিল। একইসঙ্গে আমরা এই সময়টা কাজে লাগিয়েছি শারীরিক সক্ষমতা বাড়াতে এবং আগামী ছয় থেকে সাত সপ্তাহের প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে।”
চোট সারিয়ে চলতি আইএসএলে প্রথমবার খেলতে নামবেন কেভিন সিবিলে। অনুশীলনে তাই বাড়তি সময় দিতে দেখা যায় তাঁকে। অন্যদিকে প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি এবারে ছন্দে নেই। তবে ঘরের মাঠে তারা যে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে প্যাঁচে ফেলার চেষ্টা করবেই তা অস্কার জানেন। তাই চেন্নাইয়িন এফসিকে নিয়ে একটু বেশি তৎপরতা লাল হলুদ শিবিরে। প্রসঙ্গত কেরালা ব্লাস্টার্স শূন্য হাতে কলকাতায় এসে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্টের স্বাদ পেয়েছিল। তাই এবার সতর্ক তারা। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সাত গোল করলেও একাধিক সুযোগ নষ্ট হয়েছে। এই বিষয়টিও মাথায় রাখছে ইস্টবেঙ্গল।
মিগুয়েল এবং ইউসেফ আজাজেরে আলাদা আলোচনায় ব্যস্ত ছিলেন। ইস্টবেঙ্গলের আক্রমনের প্রানভোমরা মিগুয়েলের স্কিল এবং ইউসেফের গোল ক্ষুধা। মিগুয়েলকে পায়ের জঙ্গলে ঘিরতে চাইছে প্রতিপক্ষ। চেন্নাইয়িনও সেই চেষ্টা করবে ধরে নিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কোচের নতুন ছকে মানিয়ে নেওয়ার চেষ্টায়। একই চেষ্টায় ইউসেফ আজাজেরে। আর অস্কার,আক্রমন এবং রক্ষনের ভারসাম্যে চেন্নাইয়ের গরম সামলে বিকেল পাঁচটার ম্যাচে জয়ের ধারাবাহিকতার খোঁজে। (ISL East Bengal FC)
প্রসঙ্গত সুপার কাপে দুই দলের দ্বৈরথে শেষ হাসি হেসেছিল ইস্টবেঙ্গল। এবারও টেক্কা দেওয়ার প্রতিজ্ঞা লাল হলুদে।

