Site icon Hindustan News Point

শেষ ল্যাপের ISL দৌড়ে উত্তাপ চরমে ! ডার্বির আগে কোথায় দাঁড়িয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গল?

ISL

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৫-২৬ মরশুম শেষের পথে। কিন্তু ট্রফির দৌড়ও উত্তেজনাপূর্ণ জায়গায় পৌঁছেছে। মাত্র কয়েকটি ম্যাচ বাকি, আর সেই ম্যাচগুলিই ঠিক করে দেবে কার হাতে উঠবে ট্রফি। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মুম্বই সিটি, গোয়া, জামশেদপুর— একাধিক দল এখনও বাস্তবিক অর্থেই দৌড়ে রয়েছে। ফলে শেষ ল্যাপে প্রতিটি ম্যাচ এখন কার্যত ‘ফাইনাল’।

(ISL) এই মুহূর্তে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে জামশেদপুর এফসি। তবে তাদের হাতে বাকি মাত্র দু’টি ম্যাচ। ৯ মে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘরের মাঠে নামবে তারা। এরপর ওডিশা এফসির বিরুদ্ধে একটি ম্যাচ বাকি। সহজ অঙ্ক— দুই ম্যাচ জিতলে সর্বোচ্চ ২৭ পয়েন্টে পৌঁছতে পারবে জামশেদপুর। কিন্তু হোঁচট খেলেই পিছন থেকে ধেয়ে আসা দলগুলি সুযোগ পেয়ে যাবে।

সবচেয়ে ভালো অবস্থানে আপাতত মোহনবাগান। ৯ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে সবুজ-মেরুন। হাতে চারটি ম্যাচ। অর্থাৎ সর্বোচ্চ ৩২ পয়েন্টে পৌঁছনোর সুযোগ রয়েছে তাদের সামনে। তবে কাজ মোটেও সহজ নয়। ৯ মে গোয়ার মাঠে কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। এরপর ইন্টার কাশি, ইস্টবেঙ্গল এবং দিল্লির বিরুদ্ধে ম্যাচ রয়েছে। বিশেষ করে ১৭ মে-র কলকাতা ডার্বি এই মরশুমের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। ডার্বি জিতলে শুধু তিন পয়েন্ট নয়, মানসিক দিক থেকেও বিশাল সুবিধা পাবে মোহনবাগান। ফলে লিগ শিল্ডের দৌড়ে কার্যত ‘ড্রাইভিং সিটে’ রয়েছেন দিমিত্রি পেত্রাতোসরা।(ISL)

১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। তবে তাদের হাতেও মাত্র দু’টি ম্যাচ। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটি কার্যত ‘ডু অর ডাই’। কারণ ম্যাচে হার মানেই শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা। অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও সহজ পরীক্ষা অপেক্ষা করছে না।

একই পয়েন্টে রয়েছে মুম্বই সিটি এফসি। তবে তাদের হাতে তিনটি ম্যাচ বাকি থাকায় পরিস্থিতি অনেকটাই সুবিধাজনক। ৫ মে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘরের মাঠে বড় ম্যাচ খেলবে মুম্বই। তারপর মহমেডান স্পোর্টিং এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ। অভিজ্ঞ স্কোয়াড এবং বড় ম্যাচের অভিজ্ঞতা মুম্বইকে এখনও ভয়ংকর প্রতিদ্বন্দ্বী করে রেখেছে।

সুখের সময়ে খারাপ খবর, ইস্টবেঙ্গল ছাড়ছেন কোচ অস্কার ব্রুজো?: শেষ ল্যাপের ISL দৌড়ে উত্তাপ চরমে ! ডার্বির আগে কোথায় দাঁড়িয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গল?

ইস্টবেঙ্গলের পরিস্থিতিও যথেষ্ট আকর্ষণীয়। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখনও দৌড়ে পুরোপুরি টিকে রয়েছে লাল-হলুদ। কিন্তু সামনে কঠিন সূচি। প্রথমেই মুম্বই সিটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। এরপর পঞ্জাব এফসি, তারপর মরশুমের সবচেয়ে বড় পরীক্ষা— মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি। শেষ ম্যাচ ইন্টার কাশির বিরুদ্ধে। চারটি ম্যাচের মধ্যে অন্তত তিনটিতে জয় পেলে তবেই শিরোপার আশা বাঁচিয়ে রাখতে পারবে ইস্টবেঙ্গল।

আর শেষ ল্যাপেই সবচেয়ে বেশি নজর দুই কলকাতা জায়ান্ট— মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দিকে। পয়েন্ট টেবিলে ব্যবধান খুব কম, হাতে রয়েছে একাধিক বড় ম্যাচ। ফলে ডার্বির উত্তাপের সঙ্গে এবার জুড়ে গিয়েছে সরাসরি শিরোপার সমীকরণও। কিন্তু কলকাতার ফুটবলপ্রেমীদের চোখ এখন সবচেয়ে বেশি ১৭ মে-র ডার্বির দিকে। কারণ সেই ম্যাচই হয়তো ঠিক করে দেবে, এই মরশুমে কলকাতার আসল ‘সুপার পাওয়ার’ কারা!

বেঙ্গালুরু এফসি ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এখনও অঙ্কের হিসেবে লড়াইয়ে আছে। তবে ওডিশা ও জামশেদপুরের বিরুদ্ধে টানা কঠিন ম্যাচ তাদের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেবে। অন্যদিকে পঞ্জাব এফসি এই মরশুমের ‘ডার্ক হর্স’। মাত্র ৮ ম্যাচে ১৪ পয়েন্ট। হাতে পাঁচ ম্যাচ। অর্থাৎ তারা চাইলে এখনও টেবিলের অনেকটাই ওলটপালট করে দিতে পারে। ইস্টবেঙ্গল, ওডিশা, মুম্বই— একাধিক বড় দলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের।

সব মিলিয়ে ISL এখন এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে এক সপ্তাহেই বদলে যেতে পারে পুরো পয়েন্ট টেবিল। এখন পরিস্থিতি এমন যে, একটি জয় কিংবা একটি ভুল— সবকিছুই বদলে দিতে পারে ISL-এর শিরোপার ছবি। কলকাতা ডার্বির আবেগ, গোয়া-মোহনবাগান হাইভোল্টেজ লড়াই কিংবা মুম্বই-ইস্টবেঙ্গল ম্যাচ— প্রতিটাই এখন কার্যত ফাইনাল। শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত তাই ট্রফির দৌড়ে কাউকেই বাদ দেওয়ার উপায় নেই। ISL-এর এই শেষ ল্যাপ যেন একেবারে সিনেমার ক্লাইম্যাক্স! ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে রোমাঞ্চকর শেষ ল্যাপ আর কী হতে পারে!

বকেয়া বেতন, অনুশীলন বয়কট মহামেডানের ফুটবলারদের: শেষ ল্যাপের ISL দৌড়ে উত্তাপ চরমে ! ডার্বির আগে কোথায় দাঁড়িয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
Exit mobile version