আইপিএল ২০২৬-এর সবচেয়ে খারাপ সময়ে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (CSK)। দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার জেমি ওভারটন ছিটকে গেলেন চোটের কারণে। ডান উরুর চোট নিয়ে ইতিমধ্যেই ইংল্যান্ডে ফিরে গিয়েছেন এই ইংরেজ পেসার-অলরাউন্ডার। আর প্লে-অফের দৌড় জমে ওঠার মুখে এই খবর কার্যত অ্যালার্ম বেল বাজিয়ে দিল চেন্নাই শিবিরে।
বুধবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে CSK জানায়, ওভারটনের চোটের আরও পরীক্ষা ও চিকিৎসার জন্য তাঁকে দেশে ফিরতে হচ্ছে। এরপরই বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডিয়ান ফরেস্টারকে বদলি হিসেবে দলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৭৫ লক্ষ টাকায় দলে যোগ দেওয়া ফরেস্টার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই নিজের ছাপ রেখেছেন। ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ৬৮১ রান রয়েছে ১৪০ স্ট্রাইক রেটে। পাশাপাশি বল হাতেও রয়েছে ১১টি উইকেট।
ওভারটনের শূন্যতা কি সত্যিই পূরণ করতে পারবেন ফরেস্টার?
এই মরশুমে CSK-র জন্য ওভারটন শুধু একজন বোলার ছিলেন না, তিনি ছিলেন দলের “মিডল ওভার এনফোর্সার”। দ্রুত গতি, হার্ড লেংথ এবং আক্রমণাত্মক বোলিংয়ে মাঝের ওভারগুলোতে ব্যাটারদের চাপে ফেলতেন তিনি। ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এই মুহূর্তে চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ওভারটন। তাঁর গড় মাত্র ১৭.৭৮ এবং ইকোনমি ৮.৮৯— যা এবারের আইপিএলে অত্যন্ত কার্যকর পরিসংখ্যান। শুধু বল নয়, ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। নিচের দিকে নেমে ১৬০-র কাছাকাছি স্ট্রাইক রেটে ১৩৬ রান করেছেন ওভারটন। কয়েকদিন আগেই লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে ৩/৩৬ স্পেলে ম্যাচ জিতিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। তাই এমন সময় তাঁর ছিটকে যাওয়া CSK-র জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।
বিশেষ করে সামনে যখন একের পর এক ‘ডু অর ডাই’ ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস এবং লখনউয়ের বিরুদ্ধে জিততেই হবে চেন্নাইকে (CSK)। বর্তমানে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। প্লে-অফের আশা এখনও বেঁচে থাকলেও চোট সমস্যায় কার্যত জর্জরিত গোটা স্কোয়াড।
ওভারটনের আগে একাধিক ক্রিকেটারকে হারিয়েছে CSK। মরশুম শুরুর আগেই ছিটকে যান নাথান এলিস। খলিল আহমেদের কোয়াড্রিসেপ চোট তাঁকে বাইরে পাঠায়। তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে হ্যামস্ট্রিং ছিঁড়ে পুরো মরশুম থেকে ছিটকে গিয়েছেন। আইপিএল অভিষেকেই পায়ে চিড় নিয়ে বাইরে রামকৃষ্ণ ঘোষ। ডেওয়াল্ড ব্রেভিসও সাইড স্ট্রেনের জন্য প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি। স্পেনসার জনসনও বারবার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যায় ভুগেছেন। সবচেয়ে বড় ধাক্কা অবশ্য মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে, কাফ স্ট্রেনের কারণে এবারের আইপিএলে এখনও একটি ম্যাচও খেলতে পারেননি চেন্নাইয়ের কিংবদন্তি অধিনায়ক। ফলে নেতৃত্ব থেকে শুরু করে ফিনিশিং— সব জায়গাতেই চাপ বেড়েছে দলের ওপর।
এই পরিস্থিতিতে ডিয়ান ফরেস্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার মিডল অর্ডারে দ্রুত রান তুলতে পারেন এবং প্রয়োজনে মিডিয়াম পেসেও কয়েক ওভার সামলাতে সক্ষম। CSK টিম ম্যানেজমেন্ট আশা করছে, তাঁর পাওয়ার-হিটিং ক্ষমতা এবং বহুমুখী দক্ষতা দলের ভারসাম্য কিছুটা ফিরিয়ে আনবে। যদিও ওভারটনের মতো ধারাবাহিক পেস আক্রমণ তিনি দিতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
চেন্নাই সুপার কিংসের (CSK) জন্য এবারের আইপিএল যেন একের পর এক চোট আর বিপদের গল্প। কিন্তু ইতিহাস বলছে, কঠিন পরিস্থিতি থেকেই বারবার ঘুরে দাঁড়িয়েছে হলুদ বাহিনী। এবারও কি সেই ম্যাজিক দেখা যাবে? নাকি ওভারটনের চোটেই থেমে যাবে CSK-র প্লে-অফ স্বপ্ন— এখন সেটাই দেখার।
ইংল্যান্ড পুরুষ দলের ইতিহাসে প্রথম মহিলা কোচ, নতুন ভূমিকায় সারা টেলর: CSK-তে বড় ধাক্কা, ছিটকে গেলেন ওভারটন, বদলি প্লেয়ার কে?
