Site icon Hindustan News Point

ডু অর ডাইয়ের আগে KKR-এ বড় ধাক্কা, দল ছাড়লেন রাচিন রবীন্দ্র

KKR

প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে এখন প্রতিটা ম্যাচই কার্যত ফাইনাল কলকাতা নাইট রাইডার্সের কাছে। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেই বড় ধাক্কা খেল KKR। দেশের হয়ে খেলতে KKR শিবির ছেড়ে নিউ জ়িল্যান্ডে ফিরে গেলেন কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। অথচ চলতি মরশুমে একবারও তাঁকে সুযোগই দিল না নাইট ম্যানেজমেন্ট।

কলকাতা নাইট রাইডার্স এ বারের IPL-এ কাগজে-কলমে অন্যতম শক্তিশালী দল গড়লেও মাঠে সেই ছাপ রাখতে পারেনি। একের পর এক ব্যর্থতা ও খারাপ পারফরম্যান্সে ইতিমধ্যেই ব্যাকফুটে চলে গিয়েছে শাহরুখ খানের দল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এখন একটি ম্যাচ হারলেই কার্যত বিদায় নিতে হতে পারে টুর্নামেন্ট থেকে। ফলে প্রতিটা ম্যাচই এখন KKR-এর কাছে ডু অর ডাই।

এই গুরুত্বপূর্ণ সময়েই দলকে ধাক্কা দিয়ে দেশে ফিরে গেলেন নিউ জ়িল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্র। চলতি IPL-এর মিনি নিলামে তাঁকে ২ কোটি টাকার বেস প্রাইসে দলে নিয়েছিল KKR। রাচিনকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের পর অনেকেই মনে করেছিলেন, KKR-এর ব্যাটিং বিভাগে বড় ভূমিকা নিতে পারেন তিনি।

তবে বাস্তবে চিত্রটা সম্পূর্ণ উল্টো। পুরো মরশুমে এখনও পর্যন্ত একটিও ম্যাচে সুযোগ পাননি রাচিন। ওপেনিংয়ে ফিন অ্যালেন ও টিম শেইফার্টকে বারবার সুযোগ দেওয়া হলেও বেঞ্চেই বসে থাকতে হয়েছে কিউয়ি তারকাকে। এমনকি দলের টানা ব্যর্থতার মাঝেও তাঁকে প্রথম একাদশে না রাখায় প্রশ্ন উঠেছিল টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও সমর্থকদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছিলেন।

এর মধ্যেই নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ়ের জন্য দল ঘোষণা করেছে। আগামী ২৭ থেকে ৩০ মে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে কিউয়িরা। এরপর জুন মাসে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ় রয়েছে। সেই দুই সিরিজ়ের দলেই জায়গা পেয়েছেন রাচিন রবীন্দ্র।

দেশের হয়ে খেলার দায়িত্ব থাকায় IPL থেকে অব্যাহতি চেয়ে নিয়েছেন তিনি। ক্রিকেট মহলের একাংশের মতে, যদি নিয়মিত সুযোগ পেতেন বা প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্য হতেন, তাহলে হয়তো শেষ পর্যন্ত KKR শিবিরেই থাকতেন রাচিন। কিন্তু পুরো মরশুম বেঞ্চে বসে থাকার পর জাতীয় দলের ডাককেই অগ্রাধিকার দিলেন এই তরুণ তারকা।

 ‘গ্ল্যামারাস’ বলেই ট্রোল! কটাক্ষের মুখে ম্যাথু হেডেন কন্যা: ডু অর ডাইয়ের আগে KKR-এ বড় ধাক্কা, দল ছাড়লেন রাচিন রবীন্দ্র


Exit mobile version