বিধানসভা নির্বাচনের জেরে বড়সড় পরিবর্তন হল আইএসএলের সূচিতে (Kolkata Derby Date)। বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে ৩ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল, সেখানে নতুন করে ঘোষণা করা হয়েছে—১৭ মে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ। সময় ও ভেন্যু অপরিবর্তিত থাকছে।
নির্বাচনের গণনা ৪ মে হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে। সেই কারণেই ডার্বি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) ও ক্লাব জোট। পুলিশের উপর অতিরিক্ত চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ইস্টবেঙ্গলকে উড়িয়ে হকি ডার্বিতে জয় মোহনবাগানের
শুধু ডার্বিই নয়, নির্বাচনের কারণে একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। ২৬ এপ্রিল ইন্টার কাশির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ পিছিয়ে ১২ মে করা হয়েছে। আবার ইস্টবেঙ্গলের পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ নিয়েও জট তৈরি হয়েছে। প্রথমে ২৪ এপ্রিল হওয়ার কথা থাকলেও বিকল্প তারিখ নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে কোচিং স্টাফের সঙ্গে।
এছাড়াও ২৮ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম ওডিশা ম্যাচ যুবভারতীতে আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফলে ম্যাচটি অন্য রাজ্যে সরানোর চিন্তাভাবনা চলছে। গোয়া সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে। এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
আইএসএলের সূচি নিয়ে বারবার সমস্যার কারণ হিসেবে উঠে এসেছে পরিকল্পনার ঘাটতি। নির্বাচনের তারিখ আগে থেকেই জানা থাকলেও সেই অনুযায়ী সূচি তৈরি না হওয়ায় এখন বারবার ম্যাচ বদলাতে হচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন দর্শকরাও।
পাত্তা দিতেন না বুমরা, কী ভাবে শুরু হয়েছিল প্রেম? মুখ খুললেন সঞ্জনা
সব মিলিয়ে, নির্বাচনের আবহে শুধু রাজনৈতিক ময়দানই নয়, প্রভাব পড়েছে ফুটবল সূচিতেও। তবে সব বাধা পেরিয়ে ১৭ মে-র ডার্বিকে ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে উঠতে শুরু করেছে।

