Site icon Hindustan News Point

দেড় ঘণ্টার ব্যাটিংয়ে ভরাডুবি, রঞ্জি থেকে ছিটকে মুখ খুললেন বাংলার কোচ Laxmi Ratan Shukla

Laxmi Ratan Shukla

শেষ পর্যন্ত তিরে এসে বাংলার তরি ডুবেছে। রঞ্জি ট্রফির সেমিফাইনালে পরাস্ত বাংলা। আজ কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ম্যাচের চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আধ ঘণ্টা আগে সাত উইকেটে বাংলার থেকে জয় ছিনিয়ে প্রথমবারের মতো রঞ্জি ফাইনালে জায়গা করে নিল জম্মু ও কাশ্মীর। এবারের রঞ্জিতে বাংলার দুরন্ত পারফরম্যান্সের পর আজকের এই হার খানিক অপ্রত্যাশিতই ছিল।

এদিন সকালে জম্মু ও কাশ্মীরের শুভম সিং পুন্ডির (২৭) ও অধিনায়ক পরশ ডোগরা (৯)-র উইকেট তুলে নেন যথাক্রমে মহম্মদ শামি ও আকাশ দীপ। বংশজ শর্মা ৪৩ ও আবদুল সামাদ ৩০ রানে অপরাজিত থাকেন।

চার উইকেট হারিয়েই ১২৬ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় জম্মু ও কাশ্মীর। এরই সঙ্গে এবারের মতো রঞ্জি সফর শেষ হলো বাংলার। খেলার শেষে আকাশ দীপের ঝুলিতে তিনটি ও মহম্মদ শামির খাতায় এক উইকেট।

ম্যাচের শেষে বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla) বলেন, “কাউকে না কাউকে তো জিততেই হতো। জম্মু ও কাশ্মীর আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, তাদের জেতার জন্য অভিনন্দন। গতকাল দেড় ঘণ্টার ব্যাটিংয়েই এই ফলাফল। ওরা ভালো জায়গায় বল রেখেছে। আমরা কৃতজ্ঞ সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। এবার মরশুমের আগে থেকে প্রায় সব সময় তিনি দলের খবর নিয়েছেন। খারাপ লাগছে আমরা আজ ভালো ডেলিভার করতে পারলাম না এটা ভেবে। এর থেকে বেশি কিছু বলার নেই।”Laxmi Ratan Shukla


Exit mobile version