Site icon Hindustan News Point

Lionel Messi Goat Tour: মেসির GOAT ট্যুরে ম্যাচ পরিচালনায় শাস্তি, ম্যাচ রেফারি ও কমিশনারকে সাসপেন্ড করল IFA

Lionel messi goat tour

যুবভারতীতে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে আয়োজিত প্রদর্শনী ম্যাচ ঘিরে এবার কড়া পদক্ষেপ নিল বাংলার ফুটবল সংস্থা IFA (Lionel Messi Goat Tour)। সদ্য মেসির ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত জামিন পেয়েছেন আর এই ঘটনার পরেই IFA তাদের সিদ্ধান্ত জানাল। সাসপেন্ড করা হলো চার রেফারি ও এক ম্যাচ কমিশনারকে। ১৩ ডিসেম্বর মোহনবাগান মেসি অলস্টার এবং ডায়মন্ড হারবার মেসি অলস্টারের মধ্যে প্রদর্শনী ম্যাচ পরিচালনায় গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে আইএফএ চার রেফারিকেই নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আইএফএ সূত্রে খবর, ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রোহন দাশগুপ্ত, দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্কর। অভিযোগ, রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা ও রেফারি সংস্থার থেকে আগাম কোনও অনুমতি না নিয়ে তাঁরা ওই ম্যাচ খেলাতে রাজি হয়েছিলেন। বিষয়টি সামনে আসতেই চার রেফারিকে তলব করে আইএফএ।

মঙ্গলবার নীলরতন সরকার ছাড়া বাকি তিনজন হাজিরা দেন এবং শুনানিতে দোষ স্বীকার করেন বলে জানা গিয়েছে। বুধবার হাজিরা দেন নীলরতন সরকার ও ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী। সব পক্ষের বক্তব্য শোনার পর আইএফএ’র শৃঙ্খলারক্ষা কমিটি কঠোর সিদ্ধান্ত নেয়।

রেফারি রোহন দাশগুপ্তকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। তিন সহকারী রেফারি দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার ও দেবব্রত নস্করকে ছ’মাসের জন্য নির্বাসন দেওয়া হয়েছে। একই মেয়াদে নির্বাসিত হয়েছেন ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীরও।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, নির্বাসনের সময়কালে এঁরা আইএফএ পরিচালিত কোনও ম্যাচের সঙ্গেই যুক্ত থাকতে পারবেন না। এমনকি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও বিষয়টি জানানো হবে।

এই ঘটনায় আরও এক গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে— প্রাক্তন ফুটবলার ও ডালহৌসির কোচ সুপ্রিয় দাশগুপ্ত। অভিযোগ, তিনিই রেফারিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ম্যাচ খেলানোর জন্য। আইএফএ ইতিমধ্যেই তাঁকেও তলব করেছে।

Exit mobile version