বসনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে পাঞ্জাব এফ সি-র জার্সিতে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই ফুটবলার। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সামীর (Mohun Bagan SG)।
মোহনবাগান সুপার জায়ান্টের তারকা সমৃদ্ধ দলে তাঁকে নেওয়ার অন্যতম কারণ হল তাঁর দুটি পজিশনে সমানতালে খেলার অভিজ্ঞতা। ছয় ফুট উচ্চতার আঠাশ বছর বয়সি সামীর হঠাৎ উঠে গিয়ে আক্রমণভাগকে সাহায্য করতেও সিদ্ধহস্ত। বসনিয়া প্রিমিয়ার লিগ বা উজবেকিস্তানের যে লিগে যখন খেলেছেন তখনই গোল করেছেন এবং করিয়েছেন। সদ্য সমাপ্ত জাতীয় লিগেও দুটি গোল করার পাশাপাশি তিনটি গোলের বলও বাড়িয়েছেন সামীর।
মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দু‘বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর MBSG মিডিয়াকে সামীর জেলজোকোভিক বলেছেন, “ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আই এস এলে যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ও ভালোবাসা। এরকম একটা ঐতিহ্যশালী ও শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত। সবুজ মেরুনের সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের সেরা ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন নামব তখন আরও ভালো খেলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে কলকাতায় খেলতে আসছি। আই এস এল তো বটেই সব ট্রফি জিততে চাই।”
ইতিমধ্যেই তাঁকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট (Mohun Bagan SG)। এবার সমীরের আসার ফলে সবুজ-মেরুনের ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও উন্নতি ঘটে কি না, সেদিকেও নজর থাকবে।

