আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে (Mohun Bagan SG vs Inter Kashi) ঘরের মাঠে হাবাসহীন ইন্টার কাশীর বিরুদ্ধে গোলশূন্য ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার সল্টলেক স্টেডিয়ামে প্রত্যাশা ছিল জয়ের মাধ্যমে লিগ তালিকার শীর্ষে উঠে আসবে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু ৯০ মিনিটে বাগানের ফুটবলে দেখা গেল না সেই পরিচিত আগ্রাসন, ছিল না গোলের খিদে। ফলে ম্যাচ (Mohun Bagan SG vs Inter Kashi) শেষ হলো ০-০ ফলেই। আর এই ড্রয়ের পর গোল পার্থক্যে শীর্ষস্থান ধরে রাখল ইস্টবেঙ্গল।
এ দিনের ম্যাচের আগে পরিস্থিতি ছিল অত্যন্ত স্পষ্ট। আগের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করায় কিছুটা চাপেই ছিল মোহনবাগান। সোমবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলও গোলশূন্য ড্র করায় বাগানের সামনে সুযোগ তৈরি হয়েছিল শীর্ষে ওঠার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না সের্জিও লোবেরার ফুটবলাররা।
(Mohun Bagan SG vs Inter Kashi) ম্যাচের শুরু থেকেই ইন্টার কাশী যথেষ্ট আত্মবিশ্বাসী ফুটবল খেলে। কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস রবিবার দায়িত্ব ছাড়লেও দলের লড়াইয়ের মানসিকতায় তার প্রভাব পড়েনি। প্রাক্তন ইস্টবেঙ্গল গোলকিপার অভিজিৎ মণ্ডলের তত্ত্বাবধানে কাশী বরং শুরু থেকেই সংগঠিত ফুটবল খেলেছে।
৯ মিনিটেই বড় সুযোগ পেয়েছিল ইন্টার কাশী। আলফ্রেড এবং পেটকেভিসিয়ুসের দ্রুত পাসিংয়ে বাগানের রক্ষণ চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত আসিফ সহজ সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট মারেন। সেই মুহূর্তেই বোঝা গিয়েছিল ম্যাচটা সহজ হবে না মোহনবাগানের জন্য।
অন্যদিকে প্রথমার্ধে মোহনবাগানের আক্রমণ ছিল অত্যন্ত নিষ্প্রভ। পেত্রাতোস কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করলেও জেসন কামিন্স, মনবীর সিং কিংবা সাহাল আব্দুল সামাদের মধ্যে বোঝাপড়ার অভাব স্পষ্ট ছিল। ২৪ মিনিটে ভালো জায়গা থেকে ফ্রি-কিক পেয়েও সুযোগ নষ্ট করেন রবসন রবিনহো। ৩৯ মিনিটে কর্নার থেকে মেহতাব সিংয়ের হেডও আটকে দেয় কাশীর রক্ষণ।
প্রথমার্ধের শেষ দিকে ইন্টার কাশী আরও কয়েকটি বিপজ্জনক আক্রমণ তোলে। লামাস ও দানুর গতি বাগানের রক্ষণকে একাধিক বার সমস্যায় ফেলে। তবে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তনের পথে হাঁটেন সের্জিও লোবেরা। কামিন্স ও রবসনকে তুলে নামানো হয় লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেনকে। পরিবর্তনের পর কিছুটা গতি বাড়লেও গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হয় মোহনবাগান।
৫১ মিনিটে টেকচামের বাড়ানো বল থেকে পেত্রাতোসের শট সহজেই ধরে ফেলেন শুভম দাস। ৬৪ মিনিটে ম্যাকলারেনের পাস থেকে দিমির শট অল্পের জন্য বাইরে যায়। এরপর সাহাল, মনবীর, লিস্টন— সকলেই চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি।
ম্যাচের (Mohun Bagan SG vs Inter Kashi) সবচেয়ে বড় সুযোগ আসে ৮৫ মিনিটে। পেত্রাতোসের পাস থেকে প্রায় ফাঁকা অবস্থায় শট নেন ম্যাকলারেন। কিন্তু দুরন্ত সেভ করে ইন্টার কাশীকে বাঁচান গোলকিপার শুভম দাস। শেষ পর্যন্ত সাত মিনিট ইনজুরি টাইম যোগ হলেও গোল আদায় করতে পারেনি কোনও দল।
এই ড্রয়ের ফলে ১১ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট হলো ২২। সমান পয়েন্ট ইস্টবেঙ্গলেরও। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে লিগ তালিকার শীর্ষে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে ইন্টার কাশী ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানেই রইল।
(Mohun Bagan SG vs Inter Kashi) ম্যাচ শেষে হতাশা স্পষ্ট ছিল মোহনবাগান শিবিরে। কারণ এই ম্যাচে জয় পেলে ডার্বির আগে মানসিক ভাবে অনেকটাই এগিয়ে থাকতে পারত তারা। পরিবর্তে এখন কলকাতা ডার্বির আগে চাপ আরও বেড়ে গেল সবুজ-মেরুন শিবিরে।
আগামী ১৭ মে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দুই দলই এখন ২২ পয়েন্টে। ফলে আসন্ন কলকাতা ডার্বি শুধু আবেগের লড়াই নয়, আইএসএলের শীর্ষস্থান নির্ধারণের দিক থেকেও হয়ে উঠতে চলেছে মরসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির একটি।
“ক্রীড়াঙ্গন হবে রাজনীতি মুক্ত”, উন্নয়ন, প্রতিভা ও ‘মেসি কাণ্ড’ নিয়ে বার্তা ক্রীড়ামন্ত্রীর: Mohun Bagan SG vs Inter Kashi: জমে গেল ডার্বি, ইস্টবেঙ্গলের পথে হেঁটেই ড্র মোহনবাগানের
