দীর্ঘ টানাপোড়েন ও নানা বিতর্কের পর অবশেষে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে গড়াল ভারত–পাকিস্তান গ্রুপ লিগের বহু প্রতিক্ষিত ম্যাচ। এই হাইভোল্টেজ লড়াইয়েও ছবিটা একই রইল। দুই দলের প্লেয়াররা একে অন্যের সঙ্গে হাত মেলালেন না (No Handshake IND vs PAK)। নিরাপত্তা ও কূটনৈতিক সংবেদনশীলতার কথা মাথায় রেখেই ICC, আয়োজক এবং দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টসের সময়ই সেই সিদ্ধান্তের প্রতিফলন দেখা যায়। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি।
সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং শহিদ জওয়ানদের প্রতি সহানুভূতি জানানোর অংশ হিসেবেও এই অবস্থান নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শুধু পুরুষদের জাতীয় দল নয়, ভারতের নারী ও বয়সভিত্তিক দলগুলিও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একই নীতি অনুসরণ করছে।
এর আগে পাকিস্তানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশ প্রসঙ্গ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। শেষ পর্যন্ত আইসিসির নীতির সামনে নতি স্বীকার করে পাকিস্তান ম্যাচ খেলতে সম্মত হয়।
যদিও সৌজন্য বিনিময়ের রীতি এড়ানো হয়েছে, তবু ক্রিকেটিয় লড়াইয়ে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দুই দলই পেশাদার মনোভাবে মাঠে নেমেছে এবং ম্যাচের ফল নির্ধারিত হবে শুধুই ব্যাট-বলের লড়াইয়ে। কোটি কোটি সমর্থকের নজর এখন মাঠের খেলায়—কারা শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে, সেটাই দেখার।

