Site icon Hindustan News Point

Pakistan Cricketer Fine: বিশ্বকাপে ফ্লপ করায় দোষ, ক্রিকেটারদের বিপুল জরিমানা পাকিস্তানের

Pakistan cricketer fine

টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ব্যর্থতার পর কড়া অবস্থান নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সেমিফাইনালে ওঠার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় দলের পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড (Pakistan Cricketer Fine)। বিশেষ করে গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে হারের পর থেকেই পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে সেই হতাশারই প্রতিফলন দেখা গেল বোর্ডের কঠোর সিদ্ধান্তে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে পরাজয়ের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বোর্ড তখন অপেক্ষা করেছিল দলের পরবর্তী পারফরম্যান্স দেখার জন্য। যদি দল সেমিফাইনালে জায়গা করে নিতে পারত, তাহলে হয়তো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতো না। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় চেয়ারম্যান মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড কঠোর অবস্থান নেয়।

সাধারণত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল করলে ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দেওয়া হয়। কিন্তু উল্টো চিত্র দেখা গেল এবার। হতাশাজনক পারফরম্যান্সের জেরে পুরস্কারের বদলে জরিমানার মুখে পড়তে হল ক্রিকেটারদের। একই সঙ্গে দলের পারফরম্যান্সের পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হবে বলেও জানিয়েছে বোর্ড। অধিনায়ক সলমন আলি আঘার নেতৃত্ব নিয়েও সন্তুষ্ট নয় PCB। পাশাপাশি সিনিয়র ক্রিকেটার বাবর আজ়ম, শাদাব খান এবং শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্সও সমালোচনার মুখে। টি-টোয়েন্টি দল থেকে তাঁদের বাদ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

তবে বোর্ডের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। ওপেনার সাহিবজ়াদা ফারহান বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন। ছয় ম্যাচে ৩৮৩ রান করে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। দুটি শতরান ও ১৮টি ছক্কা হাঁকিয়ে দলের সাফল্যের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন ফারহান। ফলে প্রশ্ন উঠছে— দলের সামগ্রিক ব্যর্থতার দায় কেন তাঁর কাঁধেও চাপানো হল?

বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়ক সলমনও স্বীকার করেছেন, মিডল অর্ডার ও বোলিং বিভাগ প্রত্যাশা পূরণ করতে পারেনি। দল পুনর্গঠনের প্রয়োজন রয়েছে বলেও মত তাঁর। তবে পাকিস্তান বোর্ড স্পষ্ট বার্তা দিয়েছে— ধারাবাহিক ব্যর্থতা আর মেনে নেওয়া হবে না, সামনে আসছে বড় পরিবর্তন।


Exit mobile version