Site icon Hindustan News Point

Pakistan Hockey Team: টাকা নেই পাকিস্তানের, হোটেল না পেয়ে রাস্তায় ঘুরলেন প্লেয়াররা, ট্রোলড

pakistan hockey team

পাকিস্তান সরকার বিশ্বমঞ্চে যতই বড় বড় কথা বলুক, বাস্তবে তাদের ক্রীড়া প্রশাসনের ছবিটা বারবার প্রশ্নের মুখে পড়ছে (Pakistan Hockey Team)। ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করলেও অন্য খেলায় চরম অস্বস্তির নজির সামনে এল। অস্ট্রেলিয়ায় FIH Pro League খেলতে গিয়ে হোটেলের ভাড়া না মেটানোর জেরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হল পাকিস্তান পুরুষ হকি দলকে।

প্রো লিগের সেকেন্ড লেগ খেলতে দল পৌঁছয় অস্ট্রেলিয়ার হোবার্টে। তাঁদের থাকার ব্যবস্থা ছিল ক্যানবেরার একটি চারতারা হোটেলে। পাকিস্তান হকি ফেডারেশন ও পাকিস্তান স্পোর্টস বোর্ডের তরফে জানানো হয়েছিল, সব পেমেন্ট মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দল ক্যানবেরা পৌঁছে জানতে পারে, হোটেল বুকিং বাতিল করা হয়েছে। কারণ হিসেবে হোটেল কর্তৃপক্ষ জানায়, বিল পরিশোধ করা হয়নি।

দীর্ঘ সফরের পর ক্লান্ত খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কয়েক ঘণ্টা মালপত্র নিয়ে রাস্তায় অপেক্ষা করতে হয়। কোচ তাহির জামান পাকিস্তানে থাকা কর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সময়ের ব্যবধানের কারণে দ্রুত সাড়া মেলেনি। শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ সাময়িকভাবে কিছু ঘরের ব্যবস্থা করে দেয়। তবে ঘরের সংখ্যা কম থাকায় এক কক্ষে দু’ থেকে তিনজন, কোথাও তিন-চারজন খেলোয়াড়কে থাকতে হয়।

এটাই প্রথম নয়। প্রো লিগের প্রথম লেগে আর্জেন্টিনাতেও পারিশ্রমিক না পাওয়া নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল দলে। উপরন্তু দলের ম্যানেজার অঞ্জুম সইদের বিমানে ধূমপানের ঘটনায় আটকের ঘটনাও বিতর্ক বাড়ায়। সব মিলিয়ে প্রশাসনিক বিশৃঙ্খলায় জর্জরিত পাকিস্তান হকি। মাঠের লড়াইয়ের আগে বাইরের এই সমস্যাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে।


Exit mobile version