Site icon Hindustan News Point

Pakistan vs Netherlands: T20 বিশ্বকাপে বাবরের ‘টেস্ট ইনিংস’, কোনওমতে নেদারল্যান্ডসকে হারাল পাকিস্তান

pakistan vs netherlands

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই স্বস্তির জয় পেল পাকিস্তান, কিন্তু সেই জয়ের ধরন নতুন করে প্রশ্ন তুলে দিল পাক শিবিরের প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা নিয়ে (Pakistan vs Netherlands)। তথাকথিত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে সহজ ম্যাচকেও যে কতটা কঠিন করে তুলতে পারে পাকিস্তান, শনিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সেটাই ফের প্রমাণিত হলো। শেষ পর্যন্ত জয় এল বটে, কিন্তু পাক সমর্থকদের হৃদস্পন্দন বাড়িয়েই। এই ম্যাচের পর প্রশ্নের মুখে বাবর আজ়ম।

গ্রুপ ‘এ’-র ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। শুরুতে মাইকেল লেভিট সাহসী ব্যাটিংয়ে চাপ বাড়ান পাকিস্তানের বোলারদের উপর। তবে দ্রুত উইকেট হারানোয় বড় স্কোর গড়তে পারেনি ডাচরা। মাঝের ওভারগুলোতে স্পিনারদের দাপটে ছন্দ হারায় নেদারল্যান্ডস। বিশেষ করে ১৬ থেকে ১৭তম ওভারের মধ্যে অধিনায়ক স্কট এডওয়ার্ডস-সহ তিনটি উইকেট হারিয়ে তারা বড় ধাক্কা খায়। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। পাকিস্তানের হয়ে সলমন মির্জা নেন ৩ উইকেট, আর সাইম আয়ুব ও আব্রার আহমেদ নেন ২টি করে উইকেট।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। সাইম আয়ুব ও সাহিবজাদা ফারহানের ব্যাটে ১১ ওভারে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৯৮। কিন্তু সেখান থেকেই ম্যাচে নাটকীয় মোড়। মাত্র কয়েক রানের ব্যবধানে একের পর এক উইকেট পড়ে যায়। বাবর আজ়মের ধীরগতির ইনিংসও চাপ বাড়ায়, তিনি ১৮ বলে মাত্র ১৫ রান করেন। ১১৪ রানে ৭ উইকেট পড়ে গেলে কার্যত হার নিশ্চিত বলেই মনে হচ্ছিল।

ঠিক সেই সময়ই দৃশ্যপটে আবির্ভাব ফাহিম আশরফের। ১৯তম ওভারে তাঁর ব্যাট থেকে আসে ৩টি ছক্কা ও একটি চার—এক ওভারে ২৪ রান। ওই ওভারে তাঁর সহজ ক্যাচ মিস করেন ম্যাক্স ও’দাউদ, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলে দিয়ে ১১ বলে ২৯ রানের দুর্দান্ত ইনিংসে পাকিস্তানকে জয়ের মুখ দেখান ফাহিম।

শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান। জয় এল বটে, তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধেই এমন হোঁচট খাওয়ায় বড় দলের বিরুদ্ধে কী হবে—সে প্রশ্ন থেকেই গেল।


Exit mobile version