Site icon Hindustan News Point

PT Usha Husband: প্রয়াত পিটি ঊষার স্বামী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

pt usha husband

প্রয়াত প্রাক্তন অ্যাথলিট ও বর্তমান ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার স্বামী ভি শ্রীনিবাসন। শুক্রবার ভোরে ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের সূত্রে জানা গিয়েছে, কেরালার কোঝিকোড়ে নিজের বাসভবনেই আচমকা অসুস্থ হয়ে পড়েন শ্রীনিবাসন। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি।

ভি শ্রীনিবাসন কেন্দ্রীয় সরকারের প্রাক্তন কর্মী ছিলেন এবং CISF-এ ডেপুটি এসপি পদে কর্মরত থাকার পর অবসর নেন। ১৯৯১ সালে পিটি ঊষার সঙ্গে তাঁর বিবাহ হয়। দীর্ঘ কেরিয়ারে স্ত্রীর সাফল্যের নেপথ্যে নীরব শক্তি হিসেবে পাশে থেকেছেন তিনি। খেলাধুলার জগৎ থেকে প্রশাসনিক দায়িত্ব— প্রতিটি পর্যায়েই ঊষাকে মানসিক ও পারিবারিক সমর্থন জুগিয়েছেন শ্রীনিবাসন। তাঁদের একমাত্র পুত্র উজ্জ্বল।

শ্রীনিবাসনের মৃত্যুসংবাদে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, তিনি ফোনে পিটি ঊষার সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পাশাপাশি কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও সামাজিক মাধ্যমে শোকবার্তা দিয়েছেন। ক্রীড়া ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। পিটি ঊষার পরিবারের প্রতি বিভিন্ন মহল থেকে সমবেদনা জানানো হচ্ছে। তাঁর আকস্মিক প্রয়াণে গভীরভাবে মর্মাহত পরিবার ও ঘনিষ্ঠ মহল।

Exit mobile version