বিশ্বকাপের মঞ্চে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ মুহূর্তের নাটকীয় ড্র কাতারের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে। তবে এই সাফল্যের পিছনে রয়েছে কঠিন প্রস্তুতি, যুদ্ধের আতঙ্ক এবং এক কোচের অদম্য মানসিকতা। বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট পাওয়ার পর সেই অজানা গল্পই সামনে এনেছেন কাতারের স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগুই। (FIFA World Cup)
২০২২ সালে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে খেললেও একটি ম্যাচেও পয়েন্ট পায়নি কাতার। ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছিল তাদের। কিন্তু এবার বিশ্বকাপে আসার পথটা ছিল সম্পূর্ণ আলাদা। সংযুক্ত আরব আমিরশাহিকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান বাছাইপর্বের চতুর্থ রাউন্ড থেকে প্রথমবার যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে হাসান আল-হাইদোসের দল। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার আয়োজক না হয়েও যোগ্যতা অর্জন করল কাতার। (FIFA World Cup)
তবে বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই বড় ধাক্কা আসে। মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে কাতারের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে কাতারের আকাশসীমাও কিছুদিন বন্ধ ছিল। ফলে সার্বিয়া ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিরুদ্ধে নির্ধারিত প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে যায়। লোপেতেগুই জানিয়েছেন, সেই সময় পরিবার তাঁকে দেশে ফিরে যেতে বললেও তিনি দল ছেড়ে যাননি। তাঁর কথায়, “আমি মনে করেছিলাম দলের পাশে থাকাই আমার দায়িত্ব। তিন সপ্তাহ এমন কেটেছে যখন ফুটবলাররা ঘর থেকেও বেরোতে পারেনি।” (FIFA World Cup)
যুদ্ধ পরিস্থিতির কারণে প্রস্তুতিতে প্রভাব পড়লেও হাল ছাড়েনি কাতার। পরে আয়ারল্যান্ডের কাছে ১-০ গোলে হার এবং এল সালভাদরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করে তারা। গত মাস থেকে লস অ্যাঞ্জেলসে শিবির গড়ে অনুশীলন চালিয়ে যাচ্ছিল দলটি।
লোপেতেগুইয়ের মতে, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জয়ই দলকে আত্মবিশ্বাস জুগিয়েছিল। তিনি বলেন, “কাতারের জনসংখ্যা মাত্র তিন লক্ষের মতো। খেলোয়াড়ের সংখ্যাও সীমিত। তবু আমরা নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রেখেছিলাম।”
ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার তাহসিন মহম্মদ জামশিদও রয়েছেন কাতার দলে। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে অর্জিত ঐতিহাসিক পয়েন্টের পর এখন সেই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপের বাকি পথ চলার দিকে তাকিয়ে কাতার। (FIFA World Cup)
আরও পড়ুন :- ভিনিসিয়াসের জবাব, বোনোর দুরন্ত রক্ষণ! হাই-ভোল্টেজ লড়াইয়ে মরক্কোর সঙ্গে ১-১ ড্র ব্রাজিলের

