Site icon Hindustan News Point

Ranji Trophy: রানের পাহাড় গড়ে রঞ্জির সেমিফাইনালের দোরগোড়ায় বাংলা, অন্ধ্রর সামনে কঠিন অগ্নিপরীক্ষা

ranji trophy

রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অন্ধ্রর বিরুদ্ধে বিপুল লিড নিয়ে ম্যাচের শেষ দিনে নামছে অভিমন্যু ঈশ্বরণের দল। জয়ের জন্য বাংলার প্রয়োজন মাত্র সাতটি উইকেট, আর অন্ধ্র এখনও পিছিয়ে ২৭০ রানে।

প্রথমে ব্যাট করে অন্ধ্র ২৯৫ রানে অলআউট হওয়ার পর দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে বাংলা। প্রায় ২০০ ওভার ধরে ব্যাট করে প্রথম ইনিংসে ৬২৯ রান তোলে তারা। এই ইনিংস এর কেন্দ্রবিন্দু ছিলেন সুদীপ কুমার ঘরামি। মাত্র ১ রানের জন্য ত্রিশতরান হাতছাড়া হলেও ৫৯৬ বল খেলে ৩১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৯৯ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি, যা বাংলার ব্যাটারদের মধ্যে নতুন রেকর্ড।Ranji Trophy

ঘরামির সঙ্গে সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়েন শাকির হাবিব গান্ধী। তিনিও শতরানের খুব কাছে গিয়ে থামেন- ২২৯ বলে ৯৫ রান করেন, যার মধ্যে ছিল ৮টি চার ও ১টি ছয়। এই জুটিতে আসে ৪৮৫ বলে ২২১ রান, যা অন্ধ্র শিবিরকে কার্যত ম্যাচের বাইরে ঠেলে দেয়। শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করেন মহম্মদ শামিও। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে মাত্র ৩৩ বলে ৫৩ রান করেন তিনি। আকাশ দীপ করেন ১২ রান, মুকেশ কুমার ৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে অন্ধ্রর হয়ে শাইক রশিদও চারটি উইকেট নেন।

এরপর দ্বিতীয় ইনিংসে চাপের মুখে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে অন্ধ্র ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে। অধিনায়ক রিকি ভুঁই ১৮ ও নীতীশ কুমার রেড্ডি ১ রানে অপরাজিত। বাংলার হয়ে আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট তুলে নিয়ে জয়ের পথ আরও মসৃণ করে দেন। কাজেই এবার বাংলার রঞ্জির সেমিফাইনালে ওঠা থেকে কেউ আটকাতে পারবেনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। Ranji Trophy


Exit mobile version