Site icon Hindustan News Point

RCB vs DC: বন্ধু জেমাইমাকে হারিয়ে চ্যাম্পিয়ন স্মৃতি, দ্বিতীয়বার WPL জয় RCB-র

RCB vs DC

অভিন্নহৃদয় বন্ধু স্মৃতি মন্ধানা ও জেমাইমা রডরিগেজ। মাঠের বাইরে বন্ধুত্ব অটুট থাকলেও WPL ফাইনালের রাতে তাঁরা ছিলেন একে অপরের কঠিনতম প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত হাসি হাসলেন স্মৃতিই (RCB vs DC)। বৃহস্পতিবারের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ছয় উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো WPL চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, দিল্লির কপালে জুটল পরপর চতুর্থবার রানার্স আপ হওয়ার হতাশা।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। শুরুটা দৃঢ় করেন শেফালি ভার্মা ও লিজেল লি। পাওয়ারপ্লে শেষে স্কোর দাঁড়ায় এক উইকেটে ৪৯। এরপর দায়িত্ব নেন অধিনায়ক জেমাইমা রডরিগেজ। তিনি ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন, মারেন আটটি চার। লরা উলভার্ট ৪৪ এবং শেষে চিনেল হেনরি ১৫ বলে অপরাজিত ৩৫ রান করে দিল্লিকে ২০ ওভারে ২০৩ রানের শক্ত ভিত গড়ে দেন। আরসিবির বোলারদের মধ্যে বিশেষ প্রভাব ফেলতে পারেননি কেউই।

দুশোর বেশি রান তাড়া করতে নেমে শুরুতেই গ্রেস হ্যারিসের উইকেট হারালেও, এরপর ম্যাচ পুরোপুরি আরসিবির নিয়ন্ত্রণে চলে যায়। ব্যাট হাতে নেমেই স্মৃতি মন্ধানা দেখান দুর্দান্ত ক্লাস। মসৃণ স্ট্রেট ড্রাইভ, নিখুঁত টাইমিং আর বুদ্ধিদীপ্ত স্ট্রোক প্লেতে দিল্লির বোলিংকে কার্যত নিষ্ক্রিয় করে দেন তিনি। ৪১ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংসে স্মৃতি মারেন ১২টি চার ও ৩টি ছক্কা। তাঁকে দারুণভাবে সঙ্গ দেন জর্জিয়া ভল, যিনি ৫৪ বলে করেন ৭৯ রান।

শেষদিকে স্মৃতি আউট হওয়ায় দিল্লির সামান্য আশা জাগলেও, রাধা যাদবের পরপর বাউন্ডারিতে সেই আশা ভেঙে যায়। দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আরসিবি। স্মৃতি ও জেমাইমার বন্ধুত্বের রাতে ট্রফি উঠল বেঙ্গালুরুর হাতেই, আর দিল্লির জন্য রইল আরেকটি ফাইনালের আক্ষেপ।


Exit mobile version