মাত্র সাত মাসেই শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জাবি আলন্সোর অধ্যায় (Real Madrid Coach)। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩–২ গোলে হারার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল, রিয়ালের ডাগআউটে আলন্সোর ভবিষ্যৎ অনিশ্চিত। সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল জেড্ডার ফাইনালের পর।
২০২৫ সালের জুনে কার্লো আনচেলোত্তির জায়গায় ‘ঘরের ছেলে’ হিসেবে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন জ়াবি আলন্সো। এর আগে ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত বায়ার লেভারকুসেনকে সাফল্যের শিখরে তুলে ধরে কোচ হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা ও প্রত্যাশা নিয়েই সমর্থকরা ভেবেছিলেন, খেলোয়াড় হিসেবে যেমন সফল ছিলেন, কোচ হিসেবেও তেমনই উজ্জ্বল হবেন আলন্সো। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তারকাখচিত রিয়াল ড্রেসিংরুম সামলানো যে কতটা কঠিন, তা খুব দ্রুতই বুঝতে হয় তাঁকে।
পরিসংখ্যানের দিকে তাকালে পুরোপুরি ব্যর্থ বলা যায় না। আলন্সোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল ৩৪টি ম্যাচ খেলে ২৪টিতে জয় পেয়েছে, ড্র করেছে চারটি এবং হেরেছে ছয়টিতে। লা লিগায় দল রয়েছে দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়ন্স লিগেও অবস্থান ছিল মধ্যম সারিতে। তবু ক্লাব ম্যানেজমেন্টের প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিক আধিপত্য দেখাতে না পারায় শেষরক্ষা হলো না।
আলন্সোর বিদায়ের সঙ্গে সঙ্গেই নতুন কোচের নাম ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। মূল দলের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের আরেক প্রাক্তন ফুটবলার আলভারো আরবেলোয়াকে। ২০১৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর ২০২০ থেকে কোচিংয়ে যুক্ত আরবেলোয়া রিয়ালের যুব অ্যাকাডেমি ও পরে রিয়াল কাস্তিয়ার কোচ ছিলেন। ঘরের আরেক মুখ দিয়ে ফের নতুন অধ্যায় শুরু করতে চলেছে রিয়াল মাদ্রিদ।
🚨💣 BREAKING: ALVARO ARBELOA TAKES OVER AS NEW REAL MADRID HEAD COACH.
— Fabrizio Romano (@FabrizioRomano) January 12, 2026
He’s replacing Xabi Alonso immediately. pic.twitter.com/p2ShHatGBM

