আচমকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ছবি ঘিরে উদ্বেগে ভেঙে পড়েছে ক্রিকেট দুনিয়া। হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন পেসার শাপুর জাদরান। তাঁর এই ছবি সামনে আসতেই শারীরিক অবস্থা নিয়ে তীব্র দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। নেটিজেন বা ভক্তরা তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে শুরু করেছেন। (Shapoor Zadran)
ছবিতে দেখা যাচ্ছে, ICU-তে শুয়ে রয়েছেন ৩৮ বছর বয়সি শাপুর জাদরান। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। যদিও অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনও পরিবার বা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবু খবরে উঠে এসেছে যে তাঁর রক্তে শ্বেত কণিকার সংখ্যা বিপজ্জনকভাবে কমে গিয়েছে। এর ফলে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। (Shapoor Zadran)
সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেন ও ভক্তরা তাঁর সুস্থতা কামনা করে পোস্ট করতে শুরু করেছেন। অনেকে লিখছেন, “শাপুর, শীঘ্রই সুস্থ হয়ে উঠুন”, আবার কেউ তাঁর আফগানিস্তানের হয়ে দেওয়া লড়াকু পারফরম্যান্সের কথা স্মরণ করে সাহস জোগাচ্ছেন। পাকিস্তানের তারকা ক্রিকেটারদের মধ্যে শাহিদ আফ্রিদি, কামরান আকমল সহ একাধিক প্রাক্তনী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন। (Shapoor Zadran)
আফগানিস্তান ক্রিকেটের প্রথম দিকের অন্যতম সেরা পেসার ছিলেন শাপুর জাদরান। বাঁহাতি এই বোলার কঠিন পরিস্থিতিতেও দলের হয়ে লড়াই করে গিয়েছেন। আফগান ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা করতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। কঠিন পরিস্থিতিতেও দলের হয়ে লড়াই করার জন্য পরিচিত ছিলেন তিনি। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স আজও ভক্তদের মনে গেঁথে রয়েছে।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা ছড়িয়ে আছে নেট পাড়ায়। পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে প্রার্থনা চাওয়া হয়েছে। ক্রিকেট মহলের অনেকেই আশা করছেন, শাপুর দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক জীবনে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন।(Shapoor Zadran)

