Site icon Hindustan News Point

India vs Pakistan: ঈশান-সূর্যদের চাপে ফেলবেন উসমান তারিক? ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ

Sourav ganguly on India vs Pakistan

রাত পেরোলেই শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই (India vs Pakistan)। বয়কট, বৈঠক, হুমকির পর এবার হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। মাঝে বাংলাদেশ পর্বও রয়েছে। যদিও ম্যাচে পুরো ৪০ ওভার খেলা হবে কি না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এই বৃষ্টির আশঙ্কাকে মাথায় করেই উত্তেজনায় ফুটছেন সমর্থকরা। অনেক বিশেষজ্ঞের মতোই ভারতের পক্ষেই পাল্লা ভারী মনে করছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যদিও টি-২০ ক্রিকেটে অঘটনের সম্ভাবনা থাকেই, তবু সূর্যকুমার যাদবদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। ইডেনে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের ফাঁকে কথা বলতে গিয়ে সৌরভ বলেন, ‘ভবিষ্যৎ বাণী করা কঠিন হলেও ভারতের দল শক্তিশালী এবং তাদের হারানো সহজ হবে না’।

পাকিস্তানের স্পিনার উসমান তারিককে নিয়ে এখন বিতর্ক চলছে। বিশেষ করে তাঁর বোলিং অ্যাকশন। তিনি চাকিং করছেন বলে অভিযোগ রয়েছে। সৌরভের নজরে রয়েছে তারিকের বোলিং। তাঁর মতে, তারিক মূলত একজন সাধারণ অফস্পিনার, বিশেষ কোনও রহস্য নেই। ভারতীয় ব্যাটাররা সামলে নিতে পারবে বলেই বিশ্বাস তাঁর।

ভারত টুর্নামেন্টে ভালো শুরু করলেও ব্যাটিং এখনও পুরোপুরি ধারাবাহিক নয়—কখনও সূর্যকুমার, কখনও ঈশান কিষান বা হার্দিক পান্ডিয়া দায়িত্ব নিয়ে দলকে জেতাচ্ছেন। কলম্বোর ধীরগতির উইকেটে চ্যালেঞ্জ বাড়তে পারে কি না, সে প্রসঙ্গে সৌরভের মত, টি-২০ ক্রিকেটে এক-দু’জনের পারফরম্যান্সই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এবং ভারত সেটাই করতে সক্ষম। সাম্প্রতিক পরিসংখ্যানও দলের পক্ষে বলছে বলে উল্লেখ করেন তিনি।

মুখরোচক খাবার থেকে বিশ্বকাপের লড়াই, অনুষ্ঠানে খোলামেলা আলোচনায় সৌরভ

অভিষেক শর্মার সম্ভাব্য অনুপস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সৌরভ মনে করেন, এটি দলগত খেলা—একজনের উপর ফল নির্ভর করে না। পুরো দল ভালো খেললেই সাফল্য আসবে।

দল বদলের প্রশ্নেও তিনি সতর্ক। কলম্বোর পিচে অতিরিক্ত স্পিনার খেলানো উচিত কি না, সে বিষয়ে তাঁর মত, জয়ের ধারা বজায় রাখতে একই কম্বিনেশন রাখা ভালো, কারণ ব্যাটিং ভারসাম্য গুরুত্বপূর্ণ।

বর্তমান পাকিস্তান দলকে অতীতের শক্তিশালী দলের সঙ্গে তুলনা করতে চান না সৌরভ। তাঁর মতে, আগে ইনজামাম, সৈয়দ আনোয়ার বা ওয়াসিম-ওয়াকারের মতো তারকা থাকলেও এখন সেই ধার নেই। বাবর আজম অবশ্য ভালো ব্যাটার, কিন্তু সামগ্রিকভাবে দল আগের মতো শক্তিশালী নয়।

সব মিলিয়ে, হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতের দিকেই আস্থা রাখছেন প্রাক্তন অধিনায়ক।


Exit mobile version