(FIFA World Cup Final) বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে নজর কাড়ল কলকাতার সাউথ পয়েন্ট হাই স্কুল। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল (FIFA World Cup Final) ম্যাচের কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচিতে পরিবর্তন আনার ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ১ জুলাই একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ ও ২১ জুলাই নির্ধারিত পিরিয়ডিক অ্যাসেসমেন্ট-১, প্রি-মিডটার্ম টেস্ট এবং ইউনিট টেস্ট-১ স্থগিত করা হয়েছে। ২০ জুলাইয়ের পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে ২৯ জুলাই (বুধবার) এবং ২১ জুলাইয়ের পরীক্ষাগুলি নেওয়া হবে ৩০ জুলাই (বৃহস্পতিবার)। তবে বাকি সব পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হবে বলে স্পষ্ট জানিয়েছে স্কুল।
২ গোলে পিছিয়ে থেকেও কামব্যাক, শেষ মুহূর্তের ঝড়ে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা
স্কুলের অধ্যক্ষ জয়দেব ঘোষ জানান, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য শুধু একটি ফুটবল ম্যাচ দেখার সুযোগ করে দেওয়া নয়, বরং ছাত্রছাত্রীদের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি আগ্রহী করে তোলা। তাঁর কথায়, ফুটবল এমন একটি খেলা, যা দলগত সমন্বয়, সহযোগিতা, শৃঙ্খলা এবং একসঙ্গে লড়াই করার মানসিকতা গড়ে তোলে। এই মূল্যবোধ ছোটদের মধ্যে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যক্ষের মতে, (FIFA World Cup Final) বিশ্বকাপের ফাইনালের মতো ঐতিহাসিক ম্যাচ উপভোগ করার সুযোগ পড়ুয়াদের পাওয়া উচিত। পরদিন পরীক্ষা থাকলে অনেক অভিভাবকই সন্তানদের রাত জেগে খেলা দেখতে দিতে চাইবেন না। সেই বিষয়টিও বিবেচনায় রেখে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সব পড়ুয়া হয়তো ফুটবলপ্রেমী নয়। কিন্তু এই উদ্যোগের ফলে যদি মাত্র ২ থেকে ৫ শতাংশ ছাত্রছাত্রীও নতুন করে ফুটবলের প্রতি আকৃষ্ট হয়, তাহলেও সেটিকে বড় সাফল্য বলেই মনে করবে স্কুল। বিশ্বকাপের আবহে শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরতেই এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে সাউথ পয়েন্ট হাই স্কুল।

