Site icon Hindustan News Point

Sunil Chhetri: ৪১ বছরেও ২৭-এর ফিটনেস, সিক্রেট কী? শেয়ার সুনীলের

Sunil Chhetri

আইএসএলে খারাপ সময় কাটছে মহামেডান এসসির। টানা তিন ম্যাচে হারের পর চতুর্থ ম্যাচেও পরাজয়ের মুখ দেখতে হল তাদের। শনিবার, ৭ মার্চ বেঙ্গালুরু এফসির কাছে ২-১ গোলে হেরে যায় কলকাতার এই দল। যদিও ম্যাচটি ছিল বেঙ্গালুরুর অ্যাওয়ে ম্যাচ, তবু সবার নজর ছিল ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীর উপরেই (Sunil Chhetri)। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ম্যাচ, নিজের ফিটনেস এবং আরও নানা বিষয়ে কথা বলেন।

ম্যাচ নিয়ে সুনীল বলেন, প্রথমার্ধেই বেঙ্গালুরু কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। সেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অনেক আগেই নিশ্চিত হয়ে যেতে পারত। তাঁর কথায়, “প্রথমার্ধে দু-একটি ভালো সুযোগ পেয়েছিলাম। যদি সেগুলো গোল করতে পারতাম এবং স্কোরলাইন ৩-০ হয়ে যেত, তাহলে ম্যাচ অনেকটাই সহজ হয়ে যেত। তবে মহামেডানও ভালো লড়াই করেছে। আমরা যখন গোল খাই, তখন ম্যাচে চাপ তৈরি হয়েছিল। তবু শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ধরে রাখার রহস্য নিয়েও কথা বলেন সুনীল। অনেকেই তাঁর ফিটনেসের তুলনা করেন ক্রিস্তিয়ানো রোনাল্দো বা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। তবে তিনি জানান, এর পিছনে কোনও বিশেষ গোপন মন্ত্র নেই। হাসতে হাসতেই বলেন, “ভালো খাওয়া, নিয়মিত ঘুম আর পর্যাপ্ত জল—এটাই মূল কথা। প্রতিদিন একই সময়ে উঠি, একইভাবে শরীরের যত্ন নিই। আসলে এর মধ্যে কোনও ম্যাজিক নেই।”

তিনি আরও জানান, এই বয়সে ফিট থাকা সহজ নয়। কিন্তু তাঁর পরিবার, স্ত্রী, ডাক্তার, ফিজ়িও এবং ক্লাবের সমর্থকদের সহযোগিতাই তাঁকে অনুপ্রাণিত করে। তাঁর কথায়, “৪১ বছর বয়সে এভাবে খেলে যাওয়া সহজ নয়। তবে সবাই পাশে আছে বলেই এটা সম্ভব হচ্ছে।”

মজার ছলে নিজের পরিবার নিয়েও কথা বলেন সুনীল। জানান, তাঁর শ্বশুরবাড়ির প্রায় সবাই বেঙ্গালুরু এফসি-র সমর্থক। শুধু শ্বশুর সুব্রত ভট্টাচার্যই মোহনবাগানের সমর্থক।


Exit mobile version