দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, মুম্বই
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নভি মুম্বইয়ে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া পেসার হর্ষিত রানা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বলে সূত্রের খবর। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেডিক্যাল রিপোর্টে তাঁর ডান হাঁটুর মেনিসকাস ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে। অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে হর্ষিতকে, ফলে আসন্ন বিশ্বকাপে তাঁর খেলা আর সম্ভব নয়।
৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিং করার সময় দু’বার রান-আপ নিতে গিয়ে থেমে যান হর্ষিত। পরে হাঁটু চেপে ধরে কষ্টে মাঠ ছাড়েন তিনি। মাত্র এক ওভার বোলিং করে ১৬ রান দেন এই ডানহাতি পেসার। পরবর্তী পরীক্ষায় জানা যায়, হাঁটুতে জল জমেছে এবং নড়াচড়ায় সমস্যা রয়েছে। স্ক্যান রিপোর্টে চোটের গুরুত্ব স্পষ্ট হওয়ায় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে চমক, নেই ঈশান, পতন বিরাট-রোহিতের
এই পরিস্থিতিতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব স্বীকার করেছেন, হর্ষিতের ছিটকে যাওয়া বড় ধাক্কা। তবে একই সঙ্গে দলের বেঞ্চ স্ট্রেংথের উপর আস্থা রাখছেন তিনি। প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেন, “হর্ষিত না থাকলে আমাদের অন্য কম্বিনেশন ভাবতে হবে। তবে দলে যথেষ্ট বিকল্প রয়েছে।” সম্ভাব্য বদলি নিয়ে তিনি জানান, অলরাউন্ডার নেওয়াই বাধ্যতামূলক নয়।
এ দিকে ওয়াশিংটন সুন্দরকে নিয়েও দুশ্চিন্তা রয়েছে ভারতীয় শিবিরে। চোটের কারণে নিউ জ়িল্যান্ড সিরিজ় মিস করলেও, এখনও বিশ্বকাপ পরিকল্পনার মধ্যেই রয়েছেন তিনি। তিলক বর্মা অবশ্য চোট সারিয়ে প্রস্তুতি ম্যাচে ফিরেছেন। সব মিলিয়ে চোট-আঘাতের অস্বস্তি থাকলেও, ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ভারতীয় দল যে মানসিক ভাবে প্রস্তুত, তা স্পষ্ট করে দিয়েছেন অধিনায়ক।

