মনিকা বাত্রা, সৃজা আকুলা, দিয়া চিতালে, যশস্বী ঘোড়পাড়ের পাশে এবার বাংলার মেয়ে সিন্ড্রেলা দাস (Syndrela Das)। ১৬ বছরের কিশোরী প্যাডলার এবার বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে ভারতীয় দলে। আগামী মাসের ২৮এপ্রিল থেকে লণ্ডনে শুরু হবে এই প্রতিযোগিতা। সেই দলে রয়েছেন বাংলার প্যাডলার। যদিও সরকারিভাবে দল ঘোষণা হয়নি। সাইয়ের অনুমোদনের অপেক্ষায় টিটিএফআই।
ভারতীয় মহিলা দলে সুযোগ পেয়েছেন মানব ঠক্কর, মনুশ শাহ, জি সাথিয়ান, হরমীত দেশাই,পায়াস জৈন। কোচ থাকছেন সৌরভ চক্রবর্তী, সোমনাথ ঘোষ। তবে আসন্ন বিশ্ব টেবিল টেনিস দলে আকর্ষণের কেন্দ্রে বাংলার সিন্ড্রেলা দাস (Syndrela Das)। সৌম্যজিত রায় এবং পৌলমী ঘটকের ছাত্রী সিণ্ড্রেলা সিঙ্গলসে ভারতের দুই নম্বর। বিশ্বের ১৫২নম্বর। টিউনেশিয়ায় ডব্লু টিটি কন্টেন্ডারের খেলছেন। এ বছরই চেন্নাইয়ে স্টার কন্টেন্ডারে ঢোকেন সিণ্ড্রেলা সুযোগ পান। বয়স কম হলেও প্রতিভার জোরেই ভারতীয় দলের প্রথম সারিতে চলে আসেন। একের পর এক প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য তাঁকে দেশের দুই নম্বর খেলোয়াড়ে পরিণত করেছে।
ইতিমধ্যেই ডাবলসে বিশ্বের এক নম্বর জুটি হয়েছিলেন। সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশীপে রানার্স হয়েছেন। পায়াস জৈন এবং সিণ্ড্রেলার মত নতুন মুখকে দ্রুত সুযোগ দেওয়া হচ্ছে দুই বছর পরের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের কথা মাথায় রেখেই। আর বাংলার টেবিল টেনিসে সাম্প্রতিক সময়ের ঐহিকা মুখার্জী, সুতীর্থা মুখার্জী পরবর্তী সিণ্ড্রেলা সবচেয়ে নজরকাড়া নাম।
এই বছর বিশ্বচ্যাম্পিয়ন থেকেই এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। লণ্ডনে প্রতিযোগিতার আগে তাই দুই দফায় শিবির করার পরিকল্পনা টিটিএফআই এর। ১৩ এপ্রিল থেকে বেঙ্গালুরুতে হবে প্রথম দফার শিবির। এক সপ্তাহ সেখানে শিবির করে ছয় দিন শেফিল্ডে সিণ্ড্রেলা ট্রেনিং করবেন। বিশ্ব চ্যাম্পিয়নশীপের দলে সুযোগ পাওয়ার পরে টিউনেশিয়া থেকে হোয়াটসঅ্যাপ কলে সিণ্ড্রেলা বলেন ,“বিশ্ব চ্যাম্পিয়নশীপে সুযোগ পাওয়া আমার কাছে বড় সুযোগ। এবার মণিকাদি, শ্রীজাদির কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। এছাড়াও সাড়া বিশ্বের সেরারা খেলবেন, তাদের দেখেও শেখার সুযোগ। ভালো করে শিখতে চাই।”
মাত্র ১৬বছর বয়সে সিনিয়র দলে। সঙ্গে প্রত্যাশার চাপ।
বাংলার কিশোরী প্যাডলার অবশ্য বোর্ডের সামনে দাঁড়ালে প্রতিপক্ষ নিয়ে চিন্তা থাকে না। তবে সিনিয়র দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করার চাপ অনুভব করেন। “আমি তো সিনিয়র দলে সবে শুরু করেছি। দেশের জার্সিতে খেলার চাপ বুঝতে পারি। তবে ম্যাচে নামলে এতকিছু মাথায় থাকে না। সব ম্যাচ জেতাই লক্ষ্য থাকে,” বলছিলেন সিণ্ড্রেলা।
প্রতিযোগিতার পুরুষ বিভাগে ভারত খেলবে স্লোভাকিয়া,টিউনেশিয়া,গুয়াতেমালার বিরুদ্ধে। ভারতীয় মেয়েরা খেলবে ইউক্রেন,উগাণ্ডা,রোয়াণ্ডার বিপক্ষে।

