২০২৬ T20 World Cup ঘিরে নতুন করে জট তৈরি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির (ICC) স্পষ্ট নির্দেশ সত্ত্বেও ভারত সফরে যেতে অনড় থাকল বিসিবি। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে তারা জানিয়ে দিয়েছে, আপাতত ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ।
মঙ্গলবার আইসিসির সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স বৈঠকের পর বিসিবি এক বিবৃতিতে তাদের অবস্থান স্পষ্ট করে। সেখানে বলা হয়, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তাই তাদের প্রধান চিন্তার বিষয়। সেই কারণেই বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। বিসিবি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শুরু থেকেই এই ইস্যুতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন এবং তাঁর নেতৃত্বেই এই সিদ্ধান্তে অনড় রয়েছে বোর্ড।
ক্রিজে একই সঙ্গে বাবা ও ছেলে, বিশ্ব ক্রিকেটে নজির
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি থেকে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। সূচি অনুযায়ী, গ্রুপ C–তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা। কিন্তু এই সূচি মানতে নারাজ বিসিবি।
ভিডিও বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং সিইও নিজামউদ্দিন চৌধুরী। আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও বাংলাদেশ তাদের অবস্থান বদলায়নি।
এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করছে। আইসিসির নিয়ম অনুযায়ী, বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে, তা হলে প্রতিপক্ষ দলগুলো ওয়াকওভার পাবে এবং বাংলাদেশ কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে। এমনকি আইসিসি চাইলে বাংলাদেশের জায়গায় অন্য দলকেও সুযোগ দিতে পারে। শেষ বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের কথাও আলোচনায় রয়েছে, যদিও সূচি প্রকাশের পর ভেন্যু বদল কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সব মিলিয়ে, বিশ্বকাপের আগে এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে অনিশ্চয়তা তৈরি করল। এখন নজর আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

