Site icon Hindustan News Point

T20 World Cup Final: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শাপমোচন, T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

T20 World Cup Final

ইতিহাস গড়ে আবারও টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত (T20 World Cup Final)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নতুন নজিরও গড়লেন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।

ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে ভারত। ওপেনিং জুটি সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দ্রুত রান তুলে দলের ভিত মজবুত করেন। দু’জন মিলে প্রথম ছয় ওভারেই তোলেন ৯২ রান। অভিষেক ১৮ বলে অর্ধশতরান করে ২১ বলে ৫২ রান করে আউট হন। অন্যদিকে সঞ্জু স্যামসন খেলেন দুর্দান্ত ৪৬ বলে ৮৯ রানের ইনিংস, যেখানে ছিল ৮টি ছক্কা ও ৫টি চার।

তিন নম্বরে নেমে ঈশান কিষানও ঝড় তোলেন। তিনি মাত্র ২৫ বলে ৫৪ রান করেন। শেষদিকে শিবম দুবের ৮ বলে ২৬ রানের ক্যামিওতে ভারতের ইনিংস পৌঁছে যায় ২৫৫ রানে। নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম তিনটি উইকেট নেন।

২৫৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় কিউয়িরা। অক্ষর প্যাটেল দ্রুত ফিন অ্যালেনকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন। এরপর বুমরাহর আগুনে বোলিংয়ে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং। রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান দ্রুত আউট হয়ে যান।

টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রান করে কিছুটা লড়াই করলেও বাকি ব্যাটাররা বড় রান করতে পারেননি। শেষদিকে অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করলেও দলকে বাঁচাতে পারেননি। ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ চারটি এবং অক্ষর প্যাটেল তিনটি উইকেট নেন। একবার করে সাফল্য পান বরুণ চক্রবর্তী, হার্দিক পাণ্ডিয়া ও অভিষেক শর্মা।

এই জয়ের মাধ্যমে তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল হয়ে ইতিহাসে নাম লিখিয়ে ফেলল ভারত। ১ লক্ষের বেশি দর্শকের সামনে আহমেদাবাদে এবার উৎসবের আবহে ভেসে উঠল ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়।


Exit mobile version