প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এখন প্রতিটা ম্যাচই কলকাতা নাইট রাইডার্সের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের শুরুটা একের পর এক হার দিয়ে হলেও শেষ চারটি ম্যাচে জিতে কেকেআর এখন প্লে অফের দৌড়ে। তবে এমন সময়ই বড় দুশ্চিন্তার খবর নাইট শিবিরে। দলের অন্যতম তারকা স্পিনার বরুণ চক্রবর্তী চোট পেয়েছেন। RCB বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে ইতিমধ্যে রায়পুরে পৌঁছেছে নাইটরা। আর হোটেলে ঢোকার সময়ই বরুণ চক্রবর্তীকে দেখা গেল হাতে ক্র্যাচ এবং বাঁ পায়ে ব্রেস পড়ে খানিক কষ্টেই হাঁটছেন। ভিডিয়ো দেখে ইতিমধ্যে অনুরাগীদের মধ্যে প্রশ্ন তাহলে কি চলতি আইপিএল মরশুমের বাকি ম্যাচগুলিতে আর খেলতে পারবেন না তিনি?
কেকেআরের স্কোয়াড ইতিমধ্যেই রায়পুরে পৌঁছে গিয়েছে আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলতে। কিন্তু দলের ট্রাভেল ভিডিয়ো বা অন্যান্য ফুটেজে বরুণকে দেখা যায়নি। এরপরই সামনে আসে সেই ভাইরাল ভিডিয়ো, যেখানে দেখা যায় বাঁ পায়ে ভারী ব্রেস পরে এবং হাতে ক্র্যাচ নিয়ে কষ্ট করে হাঁটছেন তিনি। (Varun Chakravarthy)
গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলা চলাকালীনই চোট পান বরুণ। যদিও চোট পেয়েও নিজের চার ওভারের স্পেল সম্পূর্ণ করেছিলেন তিনি। এর আগে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচেও ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন এই তারকা স্পিনার। কিন্তু বর্তমানে তাঁর শারীরিক অবস্থা দেখে উদ্বেগ অনেকটাই বেড়েছে নাইট শিবিরে।
East Bengal FC vs Punjab FC: শীর্ষস্থান মজবুত করতে যুবভারতীতে লাল-হলুদের সামনে পাঞ্জাব কাঁটা
চলতি আইপিএলে শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে নিজের পুরনো ছন্দে ফিরেছিলেন বরুণ। শেষ কয়েকটি ম্যাচে তাঁর স্পিনের ভেলকিতেই ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। বিশেষ করে সুনীল নারিনের সঙ্গে তাল মিলিয়ে বরুণের আক্রমণাত্মক বোলিং আবারও দলের বড় শক্তি হয়ে উঠেছিল। তাই এই মুহূর্তে বরুণের চোট কেকেআরের প্লে-অফ স্বপ্নে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।
যদিও বরুণের চোট সম্পর্কে এখনও পর্যন্ত কেকেআরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ভাইরাল ভিডিয়ো দেখে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। আগামী ১৩ মে RCB-র বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। (Varun Chakravarthy)
ইতিমধ্যে বেঙ্গালুরু টেবিলের শীর্ষে। আর এদিকে টুর্নামেন্টে টিকে থাকতে প্রতিটা ম্যাচই জিততে চাইছে কলকাতা। এখন দেখার, RCB র বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে আদৌ মাঠে নামতে পারেন কি না নাইটদের ‘মিস্ট্রি স্পিনার’।

