Site icon Hindustan News Point

WI vs SCO: ওয়েস্ট ইন্ডিজকে হতাশ করল না ইডেন, রোমারিও শেফার্ডের রেকর্ডে জয় দিয়ে শুরু ক্যারিবিয়ানদের

WI vs SCO

হতাশ করল না ইডেন, হতাশ করল না ওয়েস্ট ইন্ডিজও। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্স হয়ে উঠল ইতিহাসের সাক্ষী (WI vs SCO)। ব্যাটে শিমরান হেটমায়ারের ঝড় আর বলে রোমারিও শেফার্ডের আগুনে স্পেলে ক্যারিবিয়ানরা স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল দাপটের সঙ্গে। ২০১৬ সালে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, ইডেনেই তারা ট্রফি হাতে তোলে। এবার ইডেন থেকে শুরু করল বিশ্বকাপ অভিযানের।

শনিবার টসে জিতে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শুরুটা আশানুরূপই করেছিল ক্যারিবিয়ানরা। অধিনায়ক সাই হোপ ১৯ রান করে ফিরে গেলেও ব্রেন্ডন কিং ৩০ বলে ৩৫ রান করে ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে ম্যাচের রাশ পুরোপুরি হাতে নেন শিমরান হেটমায়ার। তিন নম্বরে নেমে ৩৬ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ছিল ৬টি ছক্কা ও ২টি চার। হেটমায়ারের সঙ্গে শেষে রোভম্যান পাওয়েল (২৪) ও শেরফান রাদারফোর্ড (২৬) ঝোড়ো রান যোগ করায় ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের শক্ত ভিত গড়ে।

কাটল করুণ দশা, বিশ্বকাপে ইডেনের ম্যাচে হতাশ করল না কলকাতা

লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ড শুরুতে লড়াই চালাচ্ছিল। ১৬ ওভার শেষে তাদের রান ছিল ৫ উইকেটে ১৩২। তখন জয়ের জন্য দরকার ছিল ২৪ বলে ৫১ রান। ঠিক সেই সময়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোমারিও শেফার্ড। ১৭তম ওভারে একাই ধ্বংসযজ্ঞ চালান তিনি। টানা তিন বলে ম্যাথু ক্রস, মিচেল লিয়াস্ক ও অলিভার ডেভিডসনকে ফিরিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। এখানেই থামেননি শেফার্ড—ওভারের শেষ বলে সোফিয়ান শরিফকেও আউট করে এক ওভারে চার উইকেট তুলে নেন।

এই স্পেলে শেফার্ড শেষ করেন ৩ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে। তাঁর ঐতিহাসিক বোলিংয়ের সামনে ভেঙে পড়ে স্কটল্যান্ড, ১৮.৫ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় তারা। ফলে ৩৫ রানের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

এই হ্যাটট্রিকের মাধ্যমে রোমারিও শেফার্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দশম বোলার হিসেবে নাম লেখালেন এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন। ইডেন গার্ডেন্স, যাকে বলা হয় ক্রিকেটের নন্দনকানন, আরও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইল।


Exit mobile version